নান্দীমুখের দক্ষিণ এশীয় নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের ভূত নাটকের একটি দৃশ্য
মানুষের ভূত নাটকের একটি দৃশ্য

পাড়ায় পাড়ায় রটে গেল মারা গেছেন বটকেষ্ট। পরিবারের লোকজনও ভুল করে শ্রাদ্ধ ও ক্রিয়া সম্পন্ন করল বটকেষ্টের। এরপর হঠাৎ একদিন রাতে সবাইকে হতবাক করে সশরীরে আবির্ভূত হন তিনি। এভাবেই এগিয়ে যায় ভারতের নাট্যদল মাঙ্গলিকের মানুষ ভূত শিরোনামের নাটকের কাহিনি।
৩ জানুয়ারি নান্দীমুখ দক্ষিণ এশীয় নাট্যোৎসবের দ্বিতীয় দিনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়। নির্দেশনায় ছিলেন সমীর বিশ্বাস।
চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দীমুখের পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ‘নান্দীমুখ দক্ষিণ এশীয় নাট্যোৎসব ২০১৫’। নয় দিনব্যাপী এ নাট্যোৎসবে ভারত, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নয়টি নাট্যদলের নাটক মঞ্চায়ন হচ্ছে।
২ জানুয়ারি সন্ধ্যায় ফানুস উড়িয়ে ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয় উৎসবের। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অতিথি ছিলেন ভারতের নাট্য গবেষক কুন্তল মুখোপাধ্যায়, নাট্যনির্দেশক সমীর বিশ্বাস এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।
২ জানুয়ারি সন্ধ্যা সাতটায় শিল্পকলার মূল মঞ্চে মঞ্চায়িত হয় নান্দীমুখের নাটক তবুও মানুষ। ৪ জানুয়ারি মঞ্চস্থ হয় ভারতের সংলাপ নাট্যদলের িনরাশ্রয়।
নাট্যোৎসবের চতুর্থ দিন ৫ জানুয়ারি ঢাকার নাট্যদল বটতলা পরিবেশন করে দি ট্রায়াল অব মালাই ইলিয়া । ৬ জানুয়ারি ছিল নান্দীমুখের নাটক ঊর্ণজাল। ৭ জানুয়ারি পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ পরিবেশন করে পোড়ামাটি । উৎসবের সপ্তম দিন আজ ৮ জানুয়ারি সন্ধ্যায় বিবর্তন যশোর পরিবেশন করবে বিসর্জন নাটকটি। আগামীকাল ৯ জানুয়ারি উৎসবের অষ্টম দিনে মঞ্চায়িত হবে নেপালের মান্ডালা থিয়েটারের জাম্পিং ফ্রগ। ১০ জানুয়ারি উৎসবের শেষ দিন ভারতের নাট্যদল রঙ্গাশ্রম পরিবেশন করবে প্রতারক শিরোনামের প্রযোজনাটি। নাটক ছাড়াও উৎসবের প্রতিদিন শিল্পকলার মুক্তমঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।