চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে নয় দিনের ‘নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৫’। নাট্যসংগঠন নান্দীমুখের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উদ্বোধন করবেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করবেন নান্দীমুখের দলপ্রধান অভিজিৎ সেনগুপ্ত।
প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। উৎসবে বাংলাদেশ, ভারত, নরওয়ে ও নেপালের নয়টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে।
উদ্বোধনী দিনে ভারতের অসম রঙ্গ কথা নাট্যদল মঞ্চস্থ করবে নাটক সূত্র। ২৮ নভেম্বর রয়েছে ভারতের নাট্যদল গোবরডাঙার নাটক বিনোিদনী। এ ছাড়া মান্দালা থিয়েটার নেপাল, ভারতের প্রাচ্য নাট্যদল, ঢাকার নাট্যদল নাট্যতীর্থ, চট্টগ্রামের নাট্যদল নান্দীমুখ, ভারতের নাট্যদল আত্মপরিচয়, ঢাকার নাগরিক নাট্যসম্প্রদায় ও নরওয়ের দ্য সামি ন্যাশনাল থিয়েটার মঞ্চস্থ করবে তাদের নাটক। এ ছাড়া প্রতিদিন অনিরুদ্ধ মুক্তমঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।