নান্না মিয়ার রান্না
ঈদের দিন তো আর বাইরে গিয়ে তেমন খাওয়া হয় না। ঘরে বসেই তাই সবাই পেতে চান দোকানের খাবারের মতো স্বাদ। দেখে নিন পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্না মিয়া বাবুর্চির তৈরি কয়েক পদ।খাসির কাচ্চি উপকরণ: খাসির মাংস, চাল, তেল, ঘি, পেঁয়াজ, আদা, রসুন, গরম মসলা, শাহি জিরা, টকদই, দুধ, লবণ পরিমাণমতো। শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, কাচ্চির মসলা, লবণ পরিমাণমতো।প্রণালি: কাচ্চির মাংসে গরম মসলা, কাচ্চির মসলা মেখে কিছু সময় রাখতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে নিতে হবে। এরপর পাতিলে পরিমাণমতো তেল, আদা, রসুন, টকদই, ভাজা পেঁয়াজ, আলুবোখারাসহ সব গরম মসলা দিয়ে মাংস ভালো করে মেখে দিতে হবে। এর ওপরে চাল দিয়ে দিতে হবে। চাল দেওয়ার পর কোনো নাড়াচাড়া না করে দীর্ঘ সময় ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে ধোঁয়া ও ভাপ বের হওয়ার নির্দিষ্ট সময় পর খাসির কাচ্চি তৈরি হয়ে যাবে।মোরগ পোলাওউপকরণ: চাল, একটি মুরগি (চার ভাগ করা), পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পেঁয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারচিনি, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা, টকদই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, ভাজা পেঁয়াজ। প্রণালি: মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ-পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর মুরগির টুকরা লবণ-পানি থেকে তুলে ফেলতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, দুধ দিয়ে মুরগির মাংস মেখে কিছু সময় রাখতে হবে। মাখানো মাংস পাত্রে মালাই, জয়ফলসহ বিভিন্ন মসলা দিয়ে আগুনের ওপর কিছু সময় রাখতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে দিতে হবে। মুরগি সেদ্ধ হয়ে গেলে সেটা রেখে দিতে হবে। আধা সেদ্ধ চাল মুরগির তেলেই রান্না করতে হবে। এভাবেই তৈরি করা যায় মজাদার মোরগ পোলাও।বোরহানি উপকরণ: টকদই, পুদিনা ও ধনেপাতা, কাঁচামরিচ, লবঙ্গ, চিনি, লবণ পরিমাণমতো। প্রণালি: সবকিছু মিশিয়ে এক ঘণ্টার মতো রাখতে হবে। রাখার পর পরিমাণমতো উপকরণ দিয়ে ব্লেন্ড করে তৈরি করতে হবে বোরহানি। লাবাং উপকরণ: মিষ্টিদই, গরম মসলা, চিনি, পরিমাণমতো লবণ, মাঠা। প্রণালি: মাঠার সঙ্গে মিষ্টিদই, গরম মসলা, চিনি, লবণ পরিমাণমতো মিশিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রাখতে হবে। এরপর ব্লেন্ড করে তৈরি করতে হবে লাবাং।