নাবিলা রাঁধেন, জোবায়দুল বাড়েন

ঈদের দিনে নিজ হাতে রাঁধতে ভালোবাসেন নাবিলা। ঝাল থেকে মিষ্টান্ন সব ধরনের পদই করেন ঈদ আয়োজনে

রান্না আর পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে কেটে যায় নাবিলা–জোবায়দুল দম্পতির উৎসবের দিনটি।ছবি: সুমন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঁধুনি পাকা কি না, হেঁশেলের পাশ দিয়ে গেলেই নাকি বোঝা যায়। বাড়ির সদর দরজা খুলতেই নাকে এসে ঝাপটা মারল খাবারের ঘ্রাণ। বর্ষাকালের শুক্রবার। সেদিন দুপুরে ঝকঝকে রোদ গায়ে মেখে আমরা ক’জন ঢুকলাম অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা আর জোবায়দুল হকের সাজানো সংসারে।

তখনো গনগনে উনুনের সামনে নাবিলা। রান্না প্রায় শেষ। ঈদের দিন সাধারণত যে পদগুলো পরিবারের মানুষদের রেঁধে খাওয়াবেন, সেগুলোই রাঁধছেন। নাবিলার রান্না যে বেশ ভালো, সেদিন খাবার টেবিলেই তার প্রমাণ পাওয়া গেল। সবার প্লেটই চেঁছেপুঁছে সাফ। খাবারের ভিন্ন স্বাদেই বোঝা গেছে নাবিলার রাঁধুনিপ্রতিভা। এই স্বাদের উৎস সাধারণ কিছু উপকরণের বিশেষ ব্যবহার। এগুলোই নাবিলার রান্নার ‘সিক্রেট ইনগ্রেডিয়েন্ট’। টমেটো আর রসুনকুচি হচ্ছে সেই উপকরণ। আলাদা স্বাদ আনতে তিনি এ দুটি উপকরণের ব্যবহার করেন বেশ। গরুর মাংসে যখন টমেটো ব্যবহারের কথা বলছিলেন, তখনই কানে বেজেছিল।

নাবিলার রান্না করা গরুর মাংস
ছবি: সুমন ইউসুফ

মজার কথা কি জানেন, যখন রান্নার অনুষ্ঠান করতেন, তখনো খুব একটা ভালো রাঁধতে পারতেন না নাবিলা। বিয়ের পর রান্না শেখার আগ্রহ বাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিভিন্ন রান্নার ভিডিও দেখে ভাবতেন, আমিও পারব। খালার কাছে রান্নার হাতেখড়ি। আর এখন তো ছুটি কিংবা উৎসবের দিন নিজেই হাতে খুন্তি তুলে নেন নাবিলা। চুলার ওপর হাঁড়ি-কড়াই চাপিয়ে রাঁধতে বসে যান। বানিয়ে ফেলেন ঝাল থেকে মিষ্টান্ন—নানা রকম পদ। নাবিলা জানালেন, ঈদের আগের রাতেই শুরু হয় প্রস্তুতি।

দুজনেরই আগ্রহ আছে রান্নার প্রতি
ছবি: সুমন ইউসুফ

নাবিলা-জোবায়দুল দম্পতির খাবার টেবিলের বোঝাপড়া বেশ সুন্দর। দায়িত্ব ভাগ করে নেওয়া আছে। নাবিলা রাঁধেন। অন্যদিকে টেবিল সাজানো–গোছানোয় জোবায়দুল নিপুণ। অতিথিদের পাতে নিজ হাতে খাবার বেড়ে দিতেও তিনি পটু।

জোবায়দুলের মনোযোগ পাশ্চাত্য ঘরানার খাবারে বেশি। মেয়ে স্মিহার প্রথম জন্মদিন ১ জুলাই। তার জন্য নিজের হাতেই কেক বানাবেন, জানালেন জোবায়দুল। নাবিলার কয়েকটি পদ জোবায়দুলের বেশ পছন্দ। ‘নাবিলা বেশ ক্রিমি করে সবজি রাঁধে। অনেকের রান্নায় যেটা পাই না। ঝাল ঝাল ডিমের মালাইও আমার বেশ পছন্দ। আর খাসির মাংসের স্বাদে খুঁজে পাওয়া যায় মসলার ভিন্ন ঘ্রাণ’—বললেন জোবায়দুল। পাশ থেকে নাবিলা যোগ করেন, ‘খাসির মাংস আমি সাধারণত কাটা মসলা দিয়ে করি।’

নাবিলা-জোবায়দুল দম্পতির বোঝাপড়া বেশ সুন্দর
ছবি: সুমন ইউসুফ

রান্না করার পর নিজের রান্না খেতে পারেন কি না, জানতে চাইলে হাসতে হাসতে বললেন, ‘আমার খিদে পেলে আমি খাই।’ তবে রান্না করার এক বেলা বা এক দিন পর খেলে খাবারের স্বাদ ভালো বুঝতে পারেন তিনি। নিজেদের পরিবারের সবাই নাবিলার বাড়িতে দুপুরে খেতে আসেন। সবার জন্য রান্না করা ও আপ্যায়নের মধ্যেই নাবিলা-জোবায়দুলের ঈদ-আনন্দ। নকশার পাঠকদের জন্য পোলাওয়ের সঙ্গে খাওয়া যাবে, এমন কয়েকটি পদ রাঁধলেন নিজ হাতে।