নাম
সকাল থেকেই মনটা ভীষণ উসখুস করছে রশিদ সাহেবের। লুকিয়ে এসে দুবার ডাইনিংরুমের ফ্রিজটায় ঢুঁ মেরেও গেছেন, কাজ হয়নি। ওটা লক করা। তাঁর স্ত্রী বেশ যত্ন করে নিয়মিত ফ্রিজখানা লক করে রাখেন। অন্তত এই মহান কর্মটি করতে তাঁর ঘুণাক্ষরেও কখনো ভুল হয় না। অথচ এই মহিলার সাংসারিক অনেক কাজেই নিত্য ভুল হয়। এ যেমন আলুভর্তায় তিনি ঝাল বেশি খান, অথচ তাঁর স্ত্রী ভুল করে প্রায়ই লবণ বেশি দিয়ে ফেলেন। ১৩ বছরের সংসারে সম্ভবত এ জাতীয় মহাভুল কমপক্ষে তের শ বার সংঘটিত হয়েছে, অথচ গত তিন বছর মাত্র হলো তাঁর ডায়াবেটিস ধরা পড়েছে, কিন্তু ভুল করে তিনবারের জন্যও ফ্রিজটা লক করতে ভুল করেননি ভুলোমনা স্ত্রী তাঁর! আজ রশিদ সাহেবের মন উসখুসের অন্যতম কারণ, তাঁর একমাত্র কন্যাকে নিয়ে স্ত্রী গেছেন শপিংয়ে! ভেবেছিলেন, কোনো কারণে তাড়াহুড়োয় স্ত্রী যদি ফ্রিজটা আনলক করে রেখে যান, তাহলে তিনি সুযোগের সদ্ব্যবহার করে বেশি নয়, মাত্র দুই পিস রসগোল্লার ধ্বংস সাধন করবেন। এই তো গত পরশু দিন তাঁরই চোখের সামনে রশিদ সাহেবের শ্যালক কী বিশাল গুহার মতো মহা হাঁ-করে গপাগপ ড্রইংরুমের সোফায় বসে রসগোল্লাগুলোর গুষ্টি উদ্ধার করছিল! রশিদ সাহেবের জিহ্বারও তিন কোনায় বেশ জলের সঞ্চারণ হতে শুরু করেছিল। কিন্তু তাঁর এই লালায়িত বদনখানা স্ত্রীর খেয়াল হতেই রসগোল্লা গোল্লায় গেল! তাঁর হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে শোবার ঘরে তাঁকে বসিয়ে শাসালেন, ‘নিজের জন্য যা খাওয়া নিষেধ, অন্যের খাওয়ার বেলায় নজর দাও কেন, শুনি! ওর যদি পেটে গন্ডগোল হয়?’দুই. দোরঘণ্টির আওয়াজ শুনেই সোফা থেকে তিড়িং করে লাফ দিয়ে উঠলেন। নিশ্চয়ই তাঁর স্ত্রী তাড়াহুড়োয় কিছু ফেলে রেখে গেছেন! অপরিসীম কৌতূহল নিয়ে কাঠের দরজাটাকে যতখানি হাঁ করালেন রশিদ সাহেব, তিনি নিজেও যেন ঠিক ততখানিই হাঁ হয়ে গেলেন দরজর সম্মুখে হাস্যরত আগত লোকটাকে দেখে! পাঞ্জাবি পরিহিত লোকটাকে দেখে রশিদ সাহেব শুধালেন, কী চাই? লোকটার হাসির রেখা বিন্দুমাত্র অদল-বদল হলো না। ‘আপনি জনাব রশিদ আলম?’ ততক্ষণে রশিদ সাহেবের শকুনের তীক্ষ নজর এক লাফ মেরে পৌঁছে গেছে লোকটার বাম হাতে! সেখানে বেশ বড়সড় দুটো মিষ্টির প্যাকেট দোলনায় দোলার মতো ঝুল খাচ্ছে। ভাবনায় ডুবন্ত অবস্থাতেই রশিদ সাহেবের হাঁ-করা মুখ দিয়ে জবাব বেরিয়ে এল, ‘জি!’ —তাহলে ভেতরে চলেন, জরুরি কথা আছে। সম্মোহিত মানুষের মতো অচেনা লোকটাকে আগে ঢুকতে দিয়ে দরজা বন্ধ করে সুড়সুড় করে পেছন পেছন প্রবেশ করলেন রশিদ সাহেব। লোকটা মিষ্টির প্যাকেট দুটো টি-টেবিলে আলগোছে নামিয়ে রাখলেন। রশিদ সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন লোকটার দিকে। বিনয়ী হাসি হাসেন লোকটা। ‘এগুলো আপনার জন্য। আপা বলেছিলেন, আপনি নাকি মিষ্টি বেশ পছন্দ করেন। এগুলো সে কারণেই।’ রশিদ সাহেব দ্বিধান্বিত হলেন। যে স্ত্রী তাঁকে চোর-বিড়াল ভেবে কোনো সময় ফ্রিজ খোলা রাখেন না, আর তিনিই কি না এ লোকটাকে বলেছেন যে মিষ্টি তাঁর পছন্দের! রশিদ সাহেবের ঘোরতর অবাক লাগল। সোফায় বসেই লোকটা একদম পরিচিত আত্মীয়ের মতো কথাবার্তা শুরু করে দিলেন। ‘কেমন আছেন? ভালো তো?’ রশিদ সাহেব কেবল বললেন, ‘হু!’তাঁর মাথায় কিছু ঢুকছে না। তিনি মুখটাকে যতটা সম্ভব চেপে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। —সম্পর্কে আমি আপনার শ্যালক গোত্রের, আপনার স্ত্রীর দূর সম্পর্কের খালাতো ভাই। ইতিপূর্বে অবশ্য আপনার সঙ্গে আমার বিশেষ একটা সাক্ষাত্ হয়নি। আপা সেদিন জরুরি ফোন করে আসতে বলেছিলেন কি একটা কাজে, আর বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন, আসার পথে যেন আপনার জন্য রসূল ময়রার দোকানের নামকরা রসগোল্লা অবশ্যই নিয়ে আসি। এই দেখেন, পাক্কা দুই প্যাকেট রসগোল্লা আপনার জন্য, দুলাভাই! তা, আপাকে একটু ডাকেন। রশিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, ‘ওনারা শপিংয়ে গেছেন।’ লোকটা খানিকক্ষণ মাথা ঝাঁকালেন। ‘ওহ! আপা যে কাজের ইঙ্গিত দিয়েছিলেন তাতে তো বেশ বড় ধরনের কেনাকাটার ব্যাপার-স্যাপারই বটে! সমস্যা নেই, আমি বসছি। আপনি ততক্ষণে আমার সামনে রসগোল্লাগুলো বিসমিল্লাহ করেন। আপা যেভাবে আপনার রসগোল্লা খাওয়ার প্রশংসা করেছেন, তাতে আর সেই দৃশ্য দর্শনের লোভ সামলাতে পারছি না। নিন, শুরু করুন না দুলাভাই!লোকটার যেন একটুও তর সহ্য হচ্ছে না। বলতে বলতে তিনি নিজেই চোখের পলকে উপরের আস্ত প্যাকেটটা ফেড়ে ফুঁড়ে ইয়া রাম সাইজের একটা রসগোল্লা প্যাকেটের রসের সরোবর থেকে তুলে রশিদ সাহেবের চোখের সামনে তুলে ধরলেন। লোকটার আত্মতুষ্টির হাসি দেখে রশিদ সাহেবের মনে হলো, লোকটা যেন পুকুরের বেশ বড়সড় একটা কাতল মাছকে অনেকক্ষণ বড়শি দিয়ে খেলিয়ে অবশেষে তুলতে সক্ষম হয়েছেন। তারপর রশিদ সাহেবের চোখের সামনেই চিকনা লোকটার বেশ মোটাসোটা হাঁ-এর অন্ধকার গহ্বরে নিমিষেই নাই হয়ে গেল মিষ্টিখানা। রশিদ সাহেব দেখলেন, নাহ! আর সহ্য করা যায় না। নিমিষেই প্রথম প্যাকেটখানা নামিয়ে দিয়ে দুজনেই দুজনার দিকে হাস্যমুখে তাকিয়ে রশিদ সাহেব প্রশংসার সুরে বললেন, ‘আপনিও তো কম যান না!’ ঠোঁটের চারকোনায় নিজের জিহ্বাটাকে গবাদিপশুর মতো চরাতে চরাতে লোকটি বললেন, ‘আস্ত প্যাকেটখানা তুলে রাখুন। আপা আর ভাগনে এলে দেবেন!’ রশিদ সাহেব ভুল শুধরিয়ে দিলেন, ‘জি, ভাগনে নয়, ভাগনি! আমার একটাই সন্তান, মেয়ে!’ লোকটার ঠোঁট চাটার মহান কর্মে মনোযোগী জিহ্বাটার নড়াচড়া নিমিষেই থেমে গেল। বিস্মিত কণ্ঠে তিনি বললেন, ‘কেন, আপা নিজেই তো বললেন আপনাদের একটা ছেলে। নাম আনিস। আর ছেলের বিয়ের পাত্রী সন্ধানবিষয়ক কথা বলার জন্যই তো আমাকে উনি আসতে বলেছেন!’ এতক্ষণে রহস্যের জট খুলে যাওয়ার বিষয়টি উপলব্ধি করতে পেরে রশিদ সাহেব নিজেও ঢোক গিললেন। লোকটার সঙ্গে এতক্ষণ ধরে ফুর্তিতে পেটের মধ্যে চালান দেওয়া রসগোল্লাগুলোও যেন ব্যাপারটা বুঝতে পেরেছে, তারা ভুল পেটে পড়েছে। সে কারণেই বোধহয় পেটের মধ্যে অসম্ভব রকমের নড়াচড়া শুরু করে দিয়েছে সেগুলোও! রশিদ সাহেব বললেন, ‘ভাই, আসলে ভুলটা আপনারই হয়েছে। আপনি ভুল জায়গায় এসেছেন।লোকটা বিস্মিত, ‘কেন, আপনি ডা. রশিদুল আলম নন?’ রশিদ সাহেব তাঁর ঘাড়টা এপাশ-ওপাশ নাড়ালেন। ‘না, আমি ড. রশিদুল আলম, আর আপনার ডা. রশিদুল আলম ঠিক আমার সামনের ফ্ল্যাটেই থাকেন।’ তড়াক করে উঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ করুণ চোখে শূন্য রসগোল্লার প্যাকেটখানার পানে তাকিয়ে রইলেন লোকটা। ভুল লোককে সঙ্গে নিয়ে রসগোল্লাগুলো সাবড়ে তিনি বেশ ঘাবড়ে গেছেন বোধহয়! শূন্য প্যাকেটটার তলেই পেটভর্তি মিষ্টি নিয়ে চাপা পড়ে গোঙাচ্ছে আস্ত প্যাকেটখানা। লোকটার ইতঃস্তত ভাব দেখে রশিদ সাহেব নিজেই রসগোল্লার প্যাকেটখানা তাঁর হাতে ধরিয়ে দরজা খুলে দাঁড়িয়ে তাঁর ফ্ল্যাটের বিপরীত ফ্ল্যাটের দিকে ইঙ্গিত করলেন, ‘ওই যে দেখুন না নেমপ্লেটে লেখা আপনার কাঙ্ক্ষিত ডা. রশিদুল আলম। যেতে পারবেন, নাকি একটু গিয়ে এগিয়ে দিয়ে আসব?’ আলহেরাপাড়া, হামদহ, ঝিনাইদহ।