নাম ছাড়া দুটি হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীহল নির্মাণের ১০ বছর পরও এর নামকরণ হয়নি। নামকরণ হয়নি ছয় বছর আগে ছাত্রদের জন্য নির্মিত হলটিরও। হল দুটির নামকরণ না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কোন হলের বাসিন্দা, তার পরিচয় দিতে পারছেন না। মূলত রাজনৈতিক কারণেই নামকরণের বিষয়টি ঝুলে আছে বলে জানা গেছে। চুয়েট প্রশাসনিক সূত্র জানায়, শিক্ষার্থীদের আবাসন-সংকট দূর করতে ২০০৫ সালে ছাত্রদের জন্য ৫৫০ আসন এবং ২০০১ সালে ছাত্রীদের জন্য ২০০ আসনবিশিষ্ট পৃথক দুটি হল নির্মাণ করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রশাসনিক নথিপত্রে নামহীনভাবেই হল দুটির হিসাব-নিকাশ চলে আসছে।নাম প্রকাশ না করার শর্তে চুয়েটের একাধিক সূত্র জানায়, জোট সরকারের আমলে ছাত্রসংসদের কর্তৃত্বে থাকা ছাত্রদলের নেতারা ছাত্রহলটির নাম সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে এবং ছাত্রীহলটির নাম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব করেন। এ ছাড়া, ছাত্রশিবিরের নেতারাও তখন তাঁদের পছন্দের বিভিন্ন নাম প্রস্তাব করেন। কিন্তু সাধারণ প্রগতিশীল শিক্ষার্থীরা ওই সব প্রস্তাবের বিরোধিতা করেন। তাঁরা ছাত্রহলটির নাম ব্রিটিশবিরোধী বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নামে এবং ছাত্রীহলটি প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে করার দাবি জানান। এভাবে রাজনৈতিক টানাপোড়েন শুরু হওয়ায় প্রশাসন এ ব্যাপারে আর অগ্রসর হয়নি। ক্ষোভ ও হতাশার সুরে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘বছরের পর বছর যায়। সিন্ডিকেটের সভা বসে। নানা বিষয়ে সিদ্ধান্ত হয়। শুধু হল দুটির নামকরণের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয় না।’ পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আবু হানিফ সাইফুল্লাহ বলেন, ‘হলের নামকরণ না হওয়ায় আমরা কে কোন হলের শিক্ষার্থী তার পরিচয় দিতে পারি না। এ ব্যাপারে বিভিন্ন সময়ে দেয়াল লিখন এবং ক্যাম্পাসের বিভিন্ন সাময়িকীতে লেখালেখি হয়েছে। কিন্তু রাজনৈতিক কারণে কোনো সুরাহা এখনো হয়নি।’এ প্রসঙ্গে উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘হলগুলোর নামকরণের ব্যাপারে ইতিমধ্যে সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে। কিন্তু সময়ের অভাবসহ নানা কারণে সিদ্ধান্ত হয়নি। আশা করছি শিগগিরই হল দুটির নামকরণ করা সম্ভব হবে।’