নাম দিয়ে (যদি) যায় চেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলল, কান চিলে নিয়েছে, অমনি আমরা চিলের পেছনে ছুটতে থাকি। তেমনি বই না পড়েই সমালোচনা করার অভ্যাসও আমাদের আছে। বই না পড়ে কেবল অনুমানে যদি সমালোচনা লেখা হয়, তাহলে এই বইগুলোর বেলায় কী লেখা যাবে? ভেবেছেন সোহাইল রহমান

বিষবৃক্ষ
বিষবৃক্ষ

বিষবৃক্ষ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বৃক্ষপ্রেমী মানুষ। নিজে বৃক্ষ ভালোবাসেন, অন্যকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন। কিন্তু কিছু বৃক্ষ বিষাক্ত, যা মানুষের ক্ষতির কারণ হয়ে উঠছে। এ জন্য সবাইকে সচেতন করার জন্যই হাতে কলম তুলে নিয়েছেন তিনি। লিখে ফেলেছেন বিষাক্ত উদ্ভিদসমূহের পরিচিতিমূলক গ্রন্থ বিষবৃক্ষ। বৃক্ষপ্রেমীদের বইটি সমাদৃত হবে, এটাই কামনা।

চোখের বালি
চোখের বালি

চোখের বালি

রবীন্দ্রনাথ ঠাকুর মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায় তাঁর সার্থক পদচারণ। চিকিৎসাশাস্ত্রবিষয়ক গ্রন্থ রচনা করেও সেটার প্রমাণ রাখলেন। এই গ্রন্থে তিনি বিষয় হিসেবে বেছে নিয়েছেন চোখের চিকিৎসা। চারপাশে শুধু ধুলাবালি, ফলে মানুষ এর নির্মম শিকার। সচেতনতার অভাবে অনেকের চোখেই দেখা দিচ্ছে নানা সমস্যা। তাদের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন চোখের বালি। এই গ্রন্থে কবি চোখে ধুলাবালি প্রবেশ করলে কী কী করণীয়, সেগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন।

দিবারাত্রির কাব্য
দিবারাত্রির কাব্য

দিবারাত্রির কাব্য

মানিক বন্দ্যোপাধ্যায় মূলত ঔপন্যাসিক। এই বইয়ের মাধ্যমে কবিসত্তার প্রকাশ করলেন। শতাধিক কবিতার এই সংকলনে মূলত দিন এবং রাতের কাব্যিক বর্ণনাই ফুটে উঠেছে। ফলে কবিতায় চলে এসেছে একঘেয়েমি। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নামক কাব্যগ্রন্থের কিছু কবিতার সঙ্গে মানিকের কিছু কবিতার মিলও পরিলক্ষিত হয়। এ বিষয়ে তাঁকে সচেতন হতেই হবে। তারুণ্যে রবীন্দ্রপ্রভাব থাকতেই পারে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা শুধরে নেওয়াই হবে তাঁর দায়িত্ব।

চাঁদের পাহাড়
চাঁদের পাহাড়

চাঁদের পাহাড়

চাঁদের ভূ-প্রকৃতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের পাহাড় সেই গবেষণার ফসল। বিভূতিভূষণ এই বইয়ে চাঁদের ভূমি-বৈশিষ্ট্য এবং চাঁদের পাহাড়-পর্বত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। এই বইয়ে লেখক চাঁদের ভূপ্রকৃতি সম্পর্কে নিল আর্মস্ট্রংয়ের বিভিন্ন বক্তব্যের কাটাছেঁড়াও করেছেন। সর্বোপরি বাংলা ভাষায় চাঁদবিষয়ক বইগুলোর মধ্যে এই বইটি প্রণিধানযোগ্য হবে বলে আশা করি।

প্রথম আলো
প্রথম আলো

প্রথম আলো

বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোই এই বইয়ের মূল উপজীব্য। পশ্চিম বাংলার বিখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় এই বইয়ে পত্রিকার ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম তুলে ধরেছেন। বইটি ‘নকশা’, ‘স্বপ্ন নিয়ে’, ‘গোল্লাছুট’, ‘ছুটির দিনে’, ‘অধুনা’ নামে কয়েকটি অধ্যায়ে বিভক্ত। তবে এতে ‘রস+আলো’ নিয়ে কোনো অধ্যায় নেই! শোনা যায়, সুনীল একাধিকবার রস‍+আলোতে লেখা পাঠিয়েছেন, কিন্তু ছাপা হয়নি। এ কারণেই হয়তো সচেতনভাবে ‘রস‍+আলো’ অধ্যায়টি বাদ দিয়েছেন। তবে এটা মোটেও লেখকসুলভ আচরণ নয়।

কহেন কবি কালিদাস
কহেন কবি কালিদাস

কহেন কবি কালিদাস

কবি কালিদাসের জীবন যে কত বর্ণিল ছিল, এই বই না পড়লে কে জানত? কালি দিয়ে কবিতা লিখতে লিখতে তিনি একদিন কবি কালিদাস হয়ে উঠলেন। এর মাঝে ছিল কত না চড়াই-উতরাই। বইটি পাঠ করার সময় আপনি কবি কালিদাসের সঙ্গী হয়ে উঠবেন। কবির সুখে আপনি হাসবেন, কবির দুঃখে আপনার চোখের কোণে জলের বিন্দু জমা হবে। মোটকথা, একজন কবির জীবন সম্পর্কে জানতে হলে, তাঁর কবিজীবনের ভেতরটা দেখতে চাইলে এই বই অবশ্যপাঠ্য। হ‌ুমায়ূন আহমেদ জীবনীগ্রন্থ রচনাতেও তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।