চীনের দম্পতিদের মধ্যে সন্তানদের ইংরেজি নাম দেওয়ার প্রবণতা বাড়ছে। ভবিষ্যতে সন্তানেরা যাতে বিদেশে, বিশেষত যুক্তরাজ্যে পড়াশোনা, চাকরি ও ব্যবসার বাজারে সুবিধা করতে পারে, সে জন্য ইংরেজি নামকে পছন্দ করছেন চীনের অনেক অভিভাবক।
এ সুযোগে অভিনব উদ্যোগ নিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। সে বু জেসাপ ‘স্পেশাল নেইম ডট সিএন’ নামে একটি ওয়েবসাইট খুলে বসেছে। ওয়েবসাইটটির মাধ্যমে চীনের শিশুদের ইংরেজি নাম দেয় জেসাপ। এ কাজ করে ৪৮ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৫০ লাখ টাকার ওপরে) কামাই করেছে গ্লস্টারশায়ারের বাসিন্দা এবং এ-লেভেলের এই শিক্ষার্থী। সে ইতিমধ্যে দুই লাখ শিশুর নাম ঠিক করে দিয়েছে।
জেসাপ এই ধারণা পায় পরিবারের সঙ্গে চীন সফরের সময়। একদিন পরিবার ও বন্ধুদের সঙ্গে খেতে বের হয়েছিল সে, তখন এক চীনা দম্পতি তঁাদের সদ্য ভূমিষ্ঠ সন্তানের ইংরেজি নাম দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন। এরপর দেশে ফিরে চীনা ভাষায় একটি ওয়েবসাইট চালু করে জেসাপ। জেসাপ বলে, ‘আমার বাবার চীনা বন্ধু যখন তাঁর সন্তানের ইংরেজি নাম দিতে বললেন, তখন আমি খানিকটা অবাক হয়েছিলাম। কেননা, ওই শিশুর বৈশিষ্ট্য সম্পর্কে আমি জানি না। তবে চীনের কিছু শিশুর ইংরেজি নাম শোনার পর আমি বিব্রত হই এবং ইংরেজি নাম দেওয়ার সিদ্ধান্ত নিই।’
চীনের পশ্চিমা ওয়েবসাইটের ওপর নানা ধরনের বিধিনিষেধ রয়েছে, ফলে পশ্চিমা জীবন যাপনের ব্যাপারে অভ্যস্ত হলেও সঠিক ইংরেজি নাম নির্ধারণ করতে হিমশিম খান অভিভাবকেরা। অনেকের নাম জনপ্রিয় ব্র্যান্ডের নামের আদলে রোলেক্স রাখা হচ্ছে। কোনো কোনো শিশুর নাম লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রের গ্যান্ডাফ কিংবা সিনড্রেলা রাখা হয়।
চীনে আকৃতি, বৈশিষ্ট্য ও আচরণ দেখে শিশুর নাম রাখা হয়। ঠিক সেই নীতিই অনুসরণ করছে জেসাপ। স্পেশাল নেইম ডট সিএন নামে ওয়েবসাইটে শিশুর ১২টি বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। শিশুদের অভিভাবকেরা সেখান থেকে পাঁচটি বেছে ননে। এর ভিত্তিতে তিনটি ইংরেজি নাম ঠিক করে দেয় জেসাপ। ওই নামগুলো উই-চ্যাট অ্যাপসের মাধ্যমে শিশুদের অভিভাবক ও তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়। অভিভাবকেরা ওই নামগুলো থেকে পছন্দের একটি নাম বেছে নেন।