নাম পাল্টে বেড়ে যায় খেজুরের দাম!
ইফতারিতে খেজুর ছাড়া চলে না রোজাদার মানুষের। খেজুরের চাহিদাও রমজান মাসেই। ব্যবসায়ীরাও বেশি মুনাফা করার জন্য বেছে নেন এ সময়টা। এ কারণেই আমদানিকারক থেকে খুচরা পর্যায় পর্যন্ত তিন-চার ধাপে খেজুরের দাম বেড়ে যাচ্ছে ৫৫ শতাংশ। কেজি হিসাবে প্রায় ২৫ টাকা। এ ছাড়া খুচরায় এসে পাল্টে যায় নামও।বাজার ঘুরে দেখা গেছে, প্রতিবারের মতো এবারও বাজারে রকমারি খেজুরের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। খেজুরের নামও আছে দেশ ও জাতভেদে। সবচেয়ে ভালো খেজুরের নাম মরিয়ম। প্রতিবছর রোজার আগে সামান্য পরিমাণে আমদানি হয় এসব খেজুর। বেশির ভাগই চলে যায় ঢাকায়। তবে চট্টগ্রামের খুচরা বাজারে মরিয়ম নামে কয়েক ধরনের খেজুর বিক্রি হয়। প্রতি ৪০০ কিংবা ৮০০ গ্রামের এসব খেজুরের প্যাকেটের দাম ৮০ থেকে ১২০ টাকা। অবশ্য আসল মরিয়ম খেজুরের দাম কেজিপ্রতি ৮০০ টাকা।মরিয়ম ছাড়াও লুলু নামের খেজুর পাওয়া যায় বাজারে। খুচরায় এসব খেজুরের দাম কেজিপ্রতি ২৫০ টাকা। তবে পাইকারি বাজার খাতুনগঞ্জে এসব খেজুরের দাম ১২০ থেকে ১৩০ টাকা। বাজারে সবচেয়ে বেশি চলে সাধারণ মানের খেজুর। খুচরায় এসব খেজুর বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এসব খেজুর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা। আর নিম্নমানের খোলা খেজুর বিক্রি হচ্ছে ৬০ টাকায়। পাইকারি বাজারে এসব খোলা খেজুরের দাম ৪২ থেকে ৪৩ টাকা। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক চৌধুরী প্রথম আলোকে বলেন, দুবাই বন্দর হয়ে ইরাক থেকেই বেশির ভাগ খেজুর আসে। সবচেয়ে বেশি বিক্রি হয় সাধারণ মানের খেজুর। এসব খেজুরের পাইকারি দাম ৪৭ থেকে ৪৮ টাকা। খুচরায় ৭০ টাকা পর্যন্ত বিক্রি হয় এসব খেজুর। তবে নাগাল, লুলু, খায়ের, মদিনা, মনোয়ারা নামের অনেক ধরনের খেজুর আছে বাজারে। রিয়াজউদ্দিন বাজারের বায়েজিদ স্টোরের পরিচালক আহমেদ কবির বলেন, ‘বাজারে সবচেয়ে কম দামি খোলা খেজুর বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তবে আমরা প্যাকেট খেজুর বিক্রি করছি। প্রতি ৮০০ গ্রামের প্যাকেট ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটের গায়ে এই খেজুরের নাম দেওয়া হয়েছে মরিয়ম।’ তিনি বলেন, বাজারে প্যাকেট খেজুরের বেশির ভাগই চলে মরিয়ম নামে। যদিও মরিয়ম খেজুরের দাম এবং মান অনেক বেশি।কাস্টম হাউসের নথিপত্র অনুযায়ী, সবচেয়ে নিম্নমানের খেজুরের আমদানি মূল্য পড়ছে কেজিপ্রতি ১৯ থেকে ২২ টাকা। আমদানিকারকেরা খরচসহ ধরে বিক্রি করছেন ৪০ থেকে ৪১ টাকায়। গত জুন মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব খেজুর আমদানি হয় সেগুলোর গড় মূল্য পড়েছে প্রায় ৩৩ টাকা। খাতুনগঞ্জের খেজুর আমদানিকারক এসএন এন্টারপ্রাইজের মালিক মানিক চৌধুরী প্রথম আলোকে বলেন, বাজারে সবচেয়ে বেশি চাহিদা সাধারণ মানের খেজুর। পাইকারি বাজারে মানভেদে এসব খেজুর ৪২ টাকা থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। এগুলোই নানা নামে নানা দামে বিক্রি হচ্ছে খুচরায়।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে খেজুর আমদানি হয়েছে প্রায় ৩৮ হাজার টন।