
মানুষকে ভালো লাগার এক শ একটা কারণ থাকতে পারে। আমি অনেক খুঁজে একটা কারণও পেলাম না, তবু আপনাকে কেন ভালো লাগে জানি না। আপনাকে ঠিকমতো কখনো দেখেছি কি দেখিনি, দু-একটা কথা বলেছি কি বলিনি, তবু আপনার কথা ভাবছি, অবিশ্বাস্য!
আপনি পারলে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন। ক্লাসের ভালো ছাত্ররা বসে সামনে, আর দুষ্টুগুলো পেছনে। আপনার মতো কিছু মুখচোরা মাঝখানে গুটিসুটি মেরে বসে থাকে। না করে লেকচার ফলো, না পারে বাঁদরামি। শুধু পারে ফার্স্ট বেঞ্চের সুন্দরী মেয়েদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে। কী ভাবেন বুঝি না কিছু। মেয়েরা চোখের সামনে হাতি না দেখতে পারে, পেছনে একটা পিঁপড়া থাকলেও বুঝতে পারে, হুঁ!
আপনি এত ক্যাবলা ক্যান? ওরিয়েন্টেশনের দিন থেকেই দেখছি একটা গোবেচারা ছেলে ফুলশার্ট ইন করে, সিঁথি কেটে চুপচাপ চোরের মতো ঢুকে এক কোনায় বসে থাকে। চুরি করে তাকাতে পারেন, কথা বলেন না ক্যান? একদিন কথা বলে দেখুন না। এত ভয় কিসের?
আচ্ছা আপনি বারো শ টাকার কী খেলনার বাক্স নিয়ে ঘোরেন? এটা কোনো ফোন! জীবনে ফোনে ছবি তুলেছেন? ইন্টারনেট, ফেসবুক, গুগল, স্কাইপি-এসব তো আপনার কাছে মঙ্গল গ্রহের শব্দ। দাঁড়ান, আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেব। লাইক কাকে বলে দেখবেন।
সবচেয়ে অদ্ভুত কি জানেন, আপনি ডিপার্টমেন্টের নিজের ক্লাসমেটদের ‘আপনি’ ‘আপনি’ করে বলেন ক্যান? অনার্স কেমিস্ট্রির থার্ড ইয়ারে আমরা, এখনো সবাই আপনার অপরিচিত! বন্ধুদের ‘তুমি’ তো দূরের কথা, ‘তুই’ ছাড়া ডাকতেই পারি না। তবে ব্যাকডেটেড হলেও আপনাকে ‘আপনি’ বলতে কিন্তু মজাই লাগছে। আচ্ছা, নিজের বাচ্চা হলেও কি ‘আপনি’ করে ডাকবেন। সৌম্য, পড়তে বসেন। সৌম্য, হাঁ করেন, আম্মু ভাত নিয়ে বসে আছেন। আমার ছেলে হলে নাম রাখব সৌম্য। আপনার কোনো সমস্যা আছে?
বাংলা দ্বিতীয় পত্রে চিঠি অথবা আবেদনপত্র থাকত। আমি কখনোই চিঠি দিতাম না। ইনিয়ে-বিনিয়ে মানুষ এত কথা কীভাবে লেখে! আর আজ আমি নিজেই চিঠি লিখতে বসেছি, আদিম যুগের এক গুহামানবকে। এসএমএস এখন পুরোনো। চ্যাট, ভিডিও চ্যাটের বদলে চিঠি! আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। কালকের মধ্যে হয় সামনে এসে কথা বলবেন, না হয় চোরের মতো তাকানো বন্ধ করবেন। আমি কে, বলব না। পারলে খুঁজে বের করুন।
ইতি
নাম প্রকাশে অনিচ্ছুক।
আরেকবার চিঠিটা পড়লাম।
দুপুরে খাওয়াদাওয়া করে হলে শুয়ে আছি। রুমমেটরা বসে টোয়েন্টি নাইন খেলছে। আমি বাদ, কলব্রিজ ছাড়া কিছু পারি না তো। ওরা উঠতে-বসতে আমাকে নিয়ে হাসাহাসি করে। হঠাৎ দরজায় টোকা। চিঠি এসেছে, আমার নামে।
‘কি রে মদন, তোকে আবার কে চিঠি পাঠাল?’
‘বাসা থেকে তো ফোন করে। দেখ তো খুলে কার চিঠি।’
রন্টি ছোঁ মেরে চিঠিটা নিয়ে নিল। আমি বাধা দিইনি অবশ্য। ‘প্রেরকের নাম নেই’, বলে সবার সামনে জোরে পড়া শুরু করল। ‘মানুষকে ভালো লাগার এক শ একটা কারণ থাকতে পারে। আমি অনেক খুঁজে একটা কারণও পেলাম না, তবু আপনাকে কেন ভালো লাগে জানি না...।’
আমি জানি, ওরা এখন খুব হাসাহাসি করবে, টিপ্পনী কাটবে, ক্লাসের কোনো এক সুন্দরীকে নিয়ে কল্পকাহিনি বানাবে, ছড়াবে। কিন্তু চিঠিটা কে লিখেছে, তা জানবে না, কোনো দিনই না। কারণ, লেখক নাম প্রকাশে অনিচ্ছুক।