সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নামফলকে ইংরেজির ব্যবহার বাড়ছে। নগরের প্রবর্তক মোড়, চকবাজার, জামালখান, জিইসি, দুই নম্বর গেট, খুলশী আবাসিক এলাকা, বহদ্দারহাট, আগ্রাবাদসহ নগরের বিভিন্ন এলাকায় অবস্থিত বেশির ভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামফলকে বাংলার উপস্থিতি নেই।সম্প্রতি নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানপাট, বিপণিবিতানের নামফলক বাংলার পরিবর্তে ইংরেজি হরফে লেখা হয়েছে। নগরের বিলাসবহুল বিপণিবিতান সানমার ওশান সিটি, ইউনুস্কো সিটি সেন্টার, আফমি প্লাজাসহ বেশ কয়েকটি বিপণিবিতানের নামফলক কেবল ইংরেজি (রোমান) হরফে লেখা। ইংরেজির ব্যবহার দেখা গেছে রেস্তোরাঁসহ নগরের ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের নামফলকেও। নগরের গোলপাহাড় এলাকায় এমএফসি, লিটল ক্রাফট ফার্নিচার, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্পাইস গ্রাউন্ড, চকবাজার যাওয়ার পথে শাদি ইভেন্টসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম ইংরেজি হরফে লেখা। দুই নম্বর গেট থেকে প্রবর্তক মোড়ে আসার পথে সড়কের পাশে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলকেও এই প্রবণতা লক্ষ করা গেছে। নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় ফুল বিক্রির প্রতিষ্ঠান মেলা, শিশুদের নানা সামগ্রীর দোকান ফাইন অ্যান্ড ফিক্সড ও ট্যাবেক হেয়ার ড্রেসার নামের সেলুনের দোকানের নামফলকেও কেবল ইংরেজির ব্যবহার দেখা গেছে। ফুলের দোকান মেলার স্বত্বাধিকারী এস এম রাইসুল ইসলামের কাছে প্রতিষ্ঠানের নামফলকে ইরেজির ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলা ভাষার প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা রয়েছে। কিন্তু ব্যবসার খাতিরে নামফলকে ইংরেজি ব্যবহার করেছি। অভিজাত এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে এটি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যতই বাংলা বাংলা বলে চিৎকার করি না কেন, উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোতেই।’ নগরের সংস্কৃতিকর্মী ও শিক্ষাবিদদের মতে, প্রতিষ্ঠানের নামফলকে কেবল ইংরেজির ব্যবহার ঔপনিবেশিক হীনম্মন্যতার পরিচায়ক। সেই সঙ্গে অফিস-আদালতে ব্যবহূত ভাষা সহজবোধ্য বাংলায় হওয়া উচিত বলেও তাঁরা মনে করেন। এ ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকাও জরুরি বলে তাঁরা জানান। এই বিষয়ে সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন-উদ্যোগের প্রধান সমন্বয়ক শরীফ চৌহান বলেন, ‘কেবল বেসরকারি প্রতিষ্ঠান নয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামফলকেও ইংরেজির ব্যবহার দেখা যায়। এটি কখনোই কাম্য নয়। বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভাষা। এই ভাষার অবমূল্যায়ন আমরা কোনোভাবেই চাই না। শুধু নামফলকেই নয়, অফিস-আদালতে ব্যবহূত ভাষাও বাংলা হওয়া উচিত। এ বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট আইন করতে হবে।’এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘বিশ্বায়নের প্রভাবে প্রায়োগিক জীবনে আমরা ইংরেজি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এর কারণ, আমরা এখনো ঔপনিবেশিক আচরণের প্রভাবমুক্ত হতে পারিনি। নিজেকে অভিজাত হিসেবে প্রকাশ করতে বাংলার পরিবর্তে ইংরেজি ব্যবহার করছি। তার ওপর বিশ্বব্যাপী যোগাযোগের ভাষা ইংরেজি হওয়ায় কর্মক্ষেত্রে ইংরেজির গুরুত্ব বাড়ছে। ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করে চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মীদের। এরই প্রভাব পড়ছে সর্বত্র।’