নামী বিদ্যালয়কে পেছনে ফেলে সিলভার বেলস চতুর্থ
এবারও শতভাগ সাফল্যের ধারা বজায় রেখেছে নগরের হালিশহর সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়। টানা ১২ বার শতভাগ সাফল্যের পর এ বছর নগরের নামি অনেক বিদ্যালয়কে পেছনে ফেলে উঠে এসেছে চতুর্থ স্থানে। মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া ৭৫ জনের সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। এই নিয়ে টানা ১৩ বার শতভাগ সাফল্য পেয়েছে বিদ্যালয়টি।ফলাফল প্রকাশের দিন সরেজমিনে দেখা গেছে, শিক্ষক, ছাত্রী ও অভিভাবকেরা উল্লাস করছেন। এক প্রশ্নের উত্তরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা মাহমুদা হক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রীরা মেধার বিকাশ ঘটিয়ে তাদের যোগ্যতার প্রমাণ রেখেছে। শিক্ষকদের নিরলস শ্রম ও আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের জবাবদিহি, প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলার কারণে ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত টানা ১৩ বার শতভাগ সাফল্য লাভ করেছে।’ জিপিএ-৫ পাওয়া শাহিনুর সায়রা ও সায়কা জামান এক প্রশ্নের উত্তরে বলেন, ‘দক্ষ শিক্ষকদের পাঠদান, নিয়মশৃঙ্খলা ও নিবিড় পরিচর্যার কারণে শতভাগ সাফল্য এসেছে।’ প্রায় একই কথা বললেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার। সূত্র জানায়, এ বছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৫ জন ছাত্রী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ জনের মধ্যে একজন ছাড়া সবাই জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৯ সালে ৮৩ জনের সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। ২০০৮ সালে ৭৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। ২০০৭ সালে ৫৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। ২০০৬ সালে ৫১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।