চট্টগ্রামে পর্যটন করপোরেশনের নিজস্ব কোনো কার্যালয় নেই। নামমাত্র ছয়জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে নতুন রেলওয়ে স্টেশনের একটি কক্ষে চলছে তাদের কর্মতৎপরতা। তবে কার্যত চট্টগ্রামে পর্যটন করপোরেশনের কোনো কাজই নেই। নেই হোটেল, ভ্রমণের বাস, নেই কোনো নগর পরিচিতি কিংবা পথনির্দেশিকার বই। এসব কারণে পাহাড় ও সমুদ্রঘেরা চট্টগ্রাম পর্যটকদের আকর্ষণ করতে পারছে না।জানা গেছে, চট্টগ্রামে মোটেল সৈকত নামের স্টেশন সড়ক এলাকায় পর্যটন করপোরেশনের নিজস্ব একটি আবাসন ছিল। ২০০৪ সালে সেটি ভেঙে নতুন করে তৈরির তৎপরতা শুরু করা হয়। কিন্তু সেই নতুন আঙ্গিকের আবাসন হোটেলটি গত আট বছরেও হয়নি। আগে এই হোটেলটিতেই ছিল পর্যটন করপোরেশনের চট্টগ্রামের কার্যালয়। কিন্তু ভেঙে ফেলার পর থেকে ভবনটির মতোই ঘুমিয়ে পড়েছে পর্যটন করপোরেশন।বর্তমানে একজন ইউনিট ব্যবস্থাপকের অধীনে পাঁচজন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। এখন তাঁদের কাজ বলতে স্টেশন সড়কের মোটেল সৈকতের এক একর খালি জায়গাটা পাহারা দেওয়া। অন্য কোনো কাজ নেই।বিশ্বকাপ ক্রিকেটের সময় তড়িঘড়ি করে নগরের কিছু মানচিত্র ও প্রচারপত্র বের করেছিল করপোরেশন। ওই একই সময়ে বিমানবন্দরসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে কিছু তথ্যকেন্দ্র খোলা হয়েছিল। গত কয়েক বছরে তাদের কাজ বলতে এটুকুই।বিষয়টি স্বীকারও করেছেন পর্যটন করপোরেশনের চট্টগ্রামের ইউনিট ব্যবস্থাপক সাইফুর রহমান। তিনি বলেন, ‘এখন আমাদের জায়গাটি পাহারা দেওয়া ছাড়া তেমন কোনো কাজ নেই। একসময় যখন মোটেল সৈকত ছিল, তখন কিছু কাজ ছিল। তবে আগামী মাসেই ওই আবাসন হোটেলটির নির্মাণকাজ শুরু হবে। এটি হয়ে গেলে নতুন করে পর্যটন করপোরেশনের অনেক কাজ শুরু হবে। এখন আমাদের কার্যালয়ও নেই। স্টেশনের একটি কক্ষে কোনো রকমে কাজ চালাচ্ছি।’জানা গেছে, এক একর জায়গার ওপর মোটেল সৈকতটি নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কার্যাদেশ আসবে বলে আশাবাদী কর্মকর্তারা। ১০ তলা ভিত্তির ওপর আপাতত পাঁচ তলা ভবন তৈরি হবে এখানে। সেখানে থাকবে ৭০টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, বার, রেস্তোরাঁ ও সুইমিং পুল। ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার কথা।এর বাইরে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কটিও পর্যটন করপোরেশনের জায়গা হলেও তার ব্যবস্থাপনা সম্পূর্ণ কনকর্ডের ওপর। তাই ওখানেও মাথা ঘামাতে হয় না পর্যটন কর্মকর্তাদের।পতেঙ্গা সমুদ্রসৈকত, পারকি সমুদ্রসৈকত, বাটালি পাহাড়, সীতাকুণ্ড ইকোপার্ক, বাঁশখালী ইকোপার্কসহ পর্যটনের স্থানগুলো জেলা প্রশাসন, বন বিভাগ, সিটি করপোরেশন ইত্যাদি বিভাগের নিয়ন্ত্রণে।পর্যটন করপোরেশন শক্তিশালী হলে তারাও এসব পর্যটন স্থানের ব্যবস্থাপনা নিয়ে চট্টগ্রামকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের সময় চট্টগ্রামের ভেন্যু ব্যবস্থাপক ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের পর্যটন করপোরেশন নামেই আছে। তাদের কোনো কর্মতৎপরতা নেই। এমনকি সিটি গাইড পর্যন্ত নেই। বিশ্বকাপের সময় আমরা এ বিষয়গুলো নিয়ে বিদেশিদের কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তার ব্যবস্থাপনা যদি ঠিকঠাক মতো করা যেত, তাহলে সৌন্দর্যের রানি হিসেবে বিশ্বে স্থান করে নিতে পারত। কিন্তু সেটা হচ্ছে না। অথচ এখানে কয়েক মাস পর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে। কিন্তু কোনো বিদেশি পর্যটক আমরা পাচ্ছি না। একমাত্র কারণ, আমাদের পর্যটন-ব্যবস্থাপনার দুর্বলতা।’সিটি গাইড না থাকার বিষয়টি সাইফুর রহমানও স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের কোনো গাইড নেই, বাসও নেই। প্রত্নতাত্ত্বিক স্থানগুলোরও কোনো ধরনের তালিকা নেই।’