নামে যেমন কাজেও তেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের নাম ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয়। পুরো উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয়টিই নামের সঙ্গে মিল রেখে বিদ্যালয়ের মাঠে ও ছাদের ওপর সবজি চাষ করে এলাকাবাসীর নজর কেড়েছে। চারা ও সবজি বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে বিদ্যালয়ের গরিব-মেধাবী, শিক্ষার্থীদের পড়ালেখার খরচ জোগানো হবে।শিক্ষার্থীদের পাঠদান, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরে ব্যতিক্রর্মী এ উদ্যোগটি প্রশাসনসহ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। অনেকে বলছেন, কর্তৃপক্ষ প্রমাণ করেছেন বিদ্যালয়টি নামে যেমন, কাজেও তেমন। পটিয়া পৌরসভার উত্তর-পশ্চিম সীমানার কাছে চট্টগ্রাম-কক্সবাজার সড়কসংলগ্ন পশ্চিম পাশে বিদ্যালয়টি অবস্থিত।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের সামনের মাঠ ও তিনটি ভবনের ১৫ হাজার ২০০ বর্গফুট ছাদজুড়ে সবুজের সমারোহ। ছাদের ওপর বড় বড় টবের মধ্যে লাগানো হয়েছে উন্নত মানের পেয়ারা, লেবু, পেঁপে, নানা জাতের মরিচ, বেগুন ও শীতকালীন নানা শাকসবজিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা। বিদ্যালয়ের সামনের মাঠের পূর্ব দিকে লাগানো হয়েছে লাউ, মরিচসহ নানা জাতের সবজি। দলগতভাবে এসবের পরিচর্যা করেন শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী বলেন, ‘স্কুলের এ ধরনের উদ্যোগ দেখে আমি অভিভূত হয়েছি। কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এভাবে এগিয়ে এলে কৃষি উন্নয়নে দেশ আরও এগিয়ে যাবে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বললেন, ‘১৯৭৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠাতাদের স্বপ্ন ছিল পড়ালেখার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের কৃষি উন্নয়নমূলক কাজেও সম্পৃক্ত করা হবে। তাই বিদ্যালয়টির নামকরণ করা হয় ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয়। আমরা তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়ন করছি।’ বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুরুতে বিদ্যালয়ের কিছু জমিতে সবজি বা ধানচাষ করা হলেও ২০১০ সাল হতে ব্যাপকভাবে সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বীজ ও চারাসহ আনুষঙ্গিক খাতে লক্ষাধিক টাকা খরচ করা হয়েছে বিদ্যালয় তহবিল থেকে। চারা ও সবজি বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে বিদ্যালয়ের গরিব-মেধাবী, শিক্ষার্থীদের পড়ালেখার খরচ জোগানো হবে।বিদ্যালয়ে বিভিন্ন সময় আসা অভিভাবকদের কাছে শুভেচ্ছামূল্যে নানা শাকসবজি ও ফলমূল বিক্রি করে প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার টাকা আয় হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নাছিমা আকতার বলে, ‘প্রতিদিন ছুটির পর রুটিনমাফিক আমরা সবজিবাগানের পরিচর্যা করি। এখানে চাষের পদ্ধতি শিখে আমরা নিজেদের বাড়িতেও এখন সবজিচাষ করি। এতে আমরা আনন্দ পাই।’ একই শ্রেণীর ছাত্র মোহাম্মাদ জাবেদ বলল, ‘ঘরে কখনো কোনো চাষের কাজ করিনি। স্কুলে এ ধরনের উদ্যোগ নেওয়ায় আমাদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।’ শিক্ষক মোহাম্মদ আজহার বলেন, ‘আমরা নিজেরাও খেতের পরিচর্যা করি। এক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে থাকি।’ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা সংসদের সভাপতি মোহাম্মদ মহসিন খান বলেন, ‘কৃষিভিত্তিক এলাকা হওয়ায় প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টির নাম ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয় রাখা হয়। তখন থেকে মাঠে সীমিত আকারে নানা ধরনের শাকসবজির চাষ হতো। মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কৃষিকাজে আগ্রহী ও স্বনির্ভর করে তোলা।’