নামেই জাতিতাত্ত্বিক জাদুঘর!
চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর লোকবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। ১৯৭৪ সালে ৩৬টি আদিবাসী জনগোষ্ঠীর প্রায় দেড় হাজার নিদর্শন নিয়ে যাত্রা শুরু করলেও গত ৩৮ বছরে পূর্ণাঙ্গ জাদুঘর হয়ে উঠতে পারেনি এটি। নামে জাতিতাত্ত্বিক জাদুঘর হলেও এখানে পৃথিবীর বড় জাতিগুলো সম্পর্কে কোনো তথ্য ও নিদর্শন নেই। নেই বাঙালি জাতির কোনো পরিচিতি।জাতিতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, জাদুঘরের সহকারী পরিচালক, মাঠ কর্মকর্তা ও গবেষণা সহকারীসহ ১৪টি পদ শূন্য। এ ছাড়া নিদর্শন সংগ্রহের জন্যও কোনো বরাদ্দ নেই। ফলে জাদুঘরটি শিক্ষা ও গবেষণায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এই অবস্থায় জাদুঘরের আধুনিকায়ন, অবকাঠামো সংস্কার ও লোকবল নিয়োগ জরুরি বলে মনে করেন জাতিতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর ও ইতিহাসবিষয়ক গবেষক শামসুল হোসাইনকে এই জাদুঘর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একটি জাদুঘরকে প্রধানত চারটি কাজ করতে হয়। এসব হলো—নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শন করা। জাতিতাত্ত্বিক জাদুঘর এর কোনোটাই ঠিকভাবে করতে পারছে না। এখানে জমা হওয়া বহু গুরুত্বপূর্ণ নিদর্শনের কোনো খোঁজ নেই।’ শামসুল হোসাইন আরও বলেন, ‘এই জাদুঘরটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে। অথচ জাতিতত্ত্ব নৃবিজ্ঞানের বিষয়। এ কারণে জাদুঘরটি এখনো অপরিকল্পিত রয়ে গেছে।’জানা গেছে, জাদুঘরের মাঠ কর্মকর্তা ও গবেষণা সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য। গবেষণা সহকারী তৃতীয় শ্রেণীর পদ বিধায় এখানে সুশিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন কেউ যোগ দিলেও বেশি দিন থাকেন না। এ কারণে গবেষণা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ও কিপার মো. আমিরুজ্জামান জাদুঘরের অবকাঠামো, জনবল ও অর্থসংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, এ বিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে জানানো হয়েছে। জাদুঘরটিকে ঢেলে সাজানোর জন্য প্রকল্প প্রস্তাব (পিপিএনবি) তৈরির কাজ চলছে। এই লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।জাদুঘরটি পূর্ণাঙ্গ জাতিতাত্ত্বিক জাদুঘর কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে আমিরুজ্জামান বলেন, ‘জাদুঘরের প্রদর্শনী কক্ষগুলোর আধুনিকায়ন জরুরি। এ ছাড়া জাদুঘরটিকে বিষয়ভিত্তিক ও তথ্যসমৃদ্ধ করার চিন্তা আছে আমাদের। শিক্ষার্থী ও জ্ঞানপিপাসু মানুষজন যাতে উপকৃত হতে পারে সে জন্য অডিও ও ভিজ্যুয়াল তথ্যকেন্দ্র থাকবে। বিশ্বের প্রধান প্রধান জাতিগোষ্ঠীর বিষয়েও জানতে পারবে দর্শনার্থীরা।’ তিনি আরও জানান, জাদুঘরের জন্য নিদর্শন সংগ্রহ জরুরি। কিন্তু এই জাদুঘরের নিদর্শন সংগ্রহের জন্য কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায় না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে জাদুঘরে জাতিতাত্ত্বিক নিদর্শনের সংখ্যা প্রায় তিন হাজার। ১১টি কক্ষে চাকমা, মারমা, তনচঙ্গ্যা, বম, হাজং, খুমি, মুরং, সাঁওতাল, চাক, কোচ, মণিপুরি, পালিয়া, ত্রিপুরা, হাজনাগ, রাখাইন, ওঁরাও, খাসিয়া, শিমিজ ও গারো আদিবাসীদের পরিচিতিমূলক উপাদান রাখা হয়েছে। এ ছাড়া পাকিস্তানে বসবাসকারী উপজাতিদেরও বিশেষ গুরুত্ব দিয়ে স্থান দেওয়া হয়েছে এই জাদুঘরে।১ দশমিক ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বিশেষায়িত জাদুঘরে দর্শনার্থীর ভিড় নেই।প্রশিক্ষিত প্রদর্শক (গাইড) না থাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সমস্যায় পড়ে। কথা হয় জাদুঘরে আসা দর্শনার্থী ইমরানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের নৃ-গোষ্ঠীর পরিচিতি থাকলে ভালো হতো। ঢেলে সাজানো হলে জাদুঘরটি শিক্ষা ও গবেষণায় ব্যাপক ভূমিকা রাখতে পারবে। উল্লেখ্য, সপ্তাহের প্রতি মঙ্গল থেকে শনিবার পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে। শীতকালে সকাল নয়টা থেকে পাঁচটা ও গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই জাদুঘর।