নামেই তাঁত প্রশিক্ষণ ও বস্ত্র উৎপাদন কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে সুন্দর পরিচিতি ফলক (সাইনবোর্ড) দেখে মনে হলো, অনেক বড় একটি কাজের প্রতিষ্ঠান। হয়তো কাজ শিখতেও ব্যস্ত অনেক প্রশিক্ষণার্থী। কিন্তু ভেতরে ঢুকেই দেখা গেল ভিন্ন চিত্র। ধুলাবালু মাখা তাঁতযন্ত্রগুলো অলস পড়ে আছে। স্যাঁতসেঁতে মেঝেতে পড়ে থেকে বেশির ভাগ যন্ত্র প্রায় নষ্ট হয়ে গেছে। প্রশিক্ষণ কক্ষের অবকাঠামো জরাজীর্ণ। চালে মাকড়সার জাল। এর মধ্যে প্রশিক্ষণ নিচ্ছেন মাত্র দুজন প্রশিক্ষণার্থী।

চিত্রটি খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) তাঁত ও বস্ত্র উৎপাদন এবং প্রশিক্ষণ কেন্দ্রের। কুটির শিল্পজাত পণ্য উৎপাদন ও প্রদর্শন, এ ব্যাপারে এলাকার লোকজনকে প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করে তোলার লক্ষ্যে ১৯৯০ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকে কেন্দ্রটির কার্যক্রম ভালোভাবে চললেও ২০০৮ সালে প্রকল্পের মেয়াদ ও অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যায়। ফলে থেমে যায় প্রশিক্ষণ কার্যক্রমও। পাঁচ বছর পর গত বছর নভেম্বর থেকে প্রকল্পটি চালু হলে চারজন মাত্র প্রশিক্ষণার্থী নিয়ে তিন মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচি নামেমাত্র শুরু হয়। এদের মধ্যে দু-একজন প্রায় সময় অনুপস্থিত থাকেন।

১৯ জানুয়ারি সরেজমিন জানা যায়, শুরু থেকে এখানে কাজ করছেন তাঁত সহকারী সুজিতা চাকমা। প্রথম আলোকে তিনি বলেন, ‘কেন্দ্রটি প্রতিষ্ঠার পর এখানে আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় তাঁত, সেলাই, কার্পেন্টারি এবং বাঁশ ও বেতের কাজের প্রশিক্ষণ দেওয়া হতো। আমরা প্রশিক্ষকেরা বিশ্রাম নিতে পারতাম না। এখন বলতে গেলে কাজই নেই। প্রশিক্ষণার্থীও পাওয়া যায় না। অলস সময় কাটাই।’

তিনি জানান, কেন্দ্রের সব কক্ষেই বর্ষাকালে বৃষ্টির পানি পড়ে। এমনকি কার্যালয়েও বসা যায় না। দরজা, জানালা ভাঙা। দীর্ঘদিন চালু না থাকায় ১৪টি তাঁতযন্ত্রের মধ্যে ১২টিই নষ্ট হয়ে পড়েছে। একসময়ের লাভজনক প্রতিষ্ঠানটি এখন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাঁচ বছর বন্ধ থাকার কারণে তাঁতঘরের অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরু থেকে কেন্দ্রে প্রশিক্ষণভাতা দেওয়া হয় মাসে মাত্র ৩০০ টাকা। বর্তমানেও এ ভাতা বাড়ানো হয়নি। এত কম টাকা দিয়ে প্রশিক্ষণার্থী পাওয়া যাচ্ছে না। গত নভেম্বরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার পর গ্রামে গ্রামে ঘুরে অনেক বুঝিয়ে চারজন প্রশিক্ষণার্থী পাওয়া গেছে।

প্রশিক্ষণার্থী রেকি চাকমা ও বিপুলা চাকমা বলেন, ‘গত নভেম্বর মাস থেকে কাজ শিখছি। মাসে ৩০০ টাকা ভাতায় পোষায় না। বাড়ির পাশে প্রশিক্ষণকেন্দ্র বলে কোনো রকমে চালিয়ে নিচ্ছি।’ তাঁরা জানান, ভাতা বাড়িয়ে দিলে অনেক মেয়ে কাজ শিখতে আসত।

জানতে চাইলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরালয় চাকমা প্রশিক্ষণকেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সার্বিক অবস্থার কথা কর্তৃপক্ষ জানেন। তাঁদের নির্দেশনার বাইরে আমাদের কিছু করার নেই।’