
সাড়ে তিন বছর আগে তিন ইউনিয়নের নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় বোয়ালখালী পৌরসভা। ইউনিয়ন থেকে পৌরসভা হওয়ায় উন্নয়নের আশায় বুক বেঁধেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কাগজে-কলমে পৌর নাগরিক হলেও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি তাঁদের। অধিকাংশ এলাকায় সড়কবাতি নেই, ভাঙা ইটের রাস্তা। নিয়মিত আবর্জনা পরিষ্কার হয় না। প্রয়োজনীয় নালা–নর্দমা ও ফুটপাতও নেই।
অবশ্য পৌর মেয়র বলছেন, এত অল্প সময়ে নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। তবে তৃতীয় শ্রেণির এই পৌরসভাকে আগামী দু–এক বছরের মধ্যে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার জন্য চেষ্টা চলছে।
সম্প্রতি বোয়ালখালী পৌরসভায় গিয়ে দেখা গেছে, পৌর এলাকায় ইট বিছানো রাস্তার সংখ্যাই বেশি। মূল রাস্তা বাদে বিভিন্ন ওয়ার্ডের ভেতরের বেশির ভাগ রাস্তাই খুব সরু। সেখানে পাশাপাশি দুটি অটোরিকশা চলাচল করাও দায়। ইটের রাস্তাগুলোও এবড়োখেবড়ো, বিভিন্ন জায়গায় গর্ত।
সিএনজিচালিত অটোরিকশা চালক ও স্থানীয় বাসিন্দা সুজন কান্তি নাথ প্রথম আলোকে বলেন, এই ভাঙা রাস্তায় গাড়ি চালাতে খুব কষ্ট। যাত্রীদেরও অনেক দুর্ভোগ পোহাতে হয়।
পৌরসভার অধীনে রাস্তার পরিমাণ কত, সে বিষয়ে পৌর কার্যালয়ে গিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পৌরসভাবিষয়ক সরকারি ওয়েবসাইটের তথ্যে দেখা গেছে, পৌরসভার অধীনে রাস্তার পরিমাণ ৮৩ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তার সংখ্যা মাত্র ১৬ কিলোমিটার। বাকি ৬৭ কিলোমিটার ইটের ও কাঁচা রাস্তা। আবার এর মধ্যে ৫২ কিলোমিটারের অবস্থা ভালো নয়। এ ছাড়া নালা রয়েছে ১৮ কিলোমিটার। এর পুরোটাই মেরামতের প্রয়োজন বলে উল্লেখ রয়েছে ওয়েবসাইটে।
রাস্তার অবস্থা ভালো নয়, এটি স্বীকার করেছেন পৌরসভার মেয়র হাজি আবুল কালামও। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর বর্ষায় রাস্তার ব্যাপক ক্ষতি হয়। গত বছরও বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর কাঁচা রাস্তায় ইট বিছিয়েছি। এরপর ধীরে ধীরে সব পাকা করব। এখনো ৩০ শতাংশ কাঁচা রাস্তা রয়েছে। আর নালার কাজও ক্রমান্বয়ে করা হবে।’
পৌরসভায় উন্নীত হওয়ার পরও কাঙ্ক্ষিত উন্নয়ন দেখতে না পাওয়ায় হতাশ অনেক নাগরিক। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক বলেন, ‘আগে ইউনিয়ন ছিলাম আর এখন পৌরসভার নাগরিক হইছি, পার্থক্য শুধু এইটাই।’
পৌরসভার আরেক বাসিন্দা ও গোমদণ্ডী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুল আবেদিনের মতে, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নালা–নর্দমা তৈরি ও খাল খনন জরুরি। খালের অবৈধ দখল বিষয়েও পৌরসভার সতর্ক থাকা উচিত। পানিনিষ্কাশনব্যবস্থা না থাকায় বর্ষায় রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। প্রতিবছর তা বাড়ছে।
৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মো. ওয়াহিদ বলেন, ‘আমার ওয়ার্ডে সড়কে কোনো বাতি নেই। সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার। যেখানে-সেখানে ময়লা পড়ে থাকে। রাতে মশার কামড়ে টেকা দায়।’
তৃতীয় শ্রেণির এই পৌরসভাটির আয়তন ১৪ দশমিক ০৪ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৭৭ হাজার। সাড়ে তিন বছরে নির্ধারিত হয়নি পৌরসভায় ব্যক্তিমালিকানাধীন গৃহ ও প্রতিষ্ঠানের সংখ্যা কত। সে কারণে এখনো গৃহকর আদায় শুরু করতে পারেনি পৌরসভা। তবে গত অর্থবছর থেকে পৌরসভার ৩৮টি সরকারি প্রতিষ্ঠান ও ১৬টি কলকারখানা থেকে গৃহকর আদায় শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে কর আদায়ের সফলতা ৫০ শতাংশ।
পৌরসভা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পৌরসভায় ১৭৫টি বাতি লাগানো হয়েছে। পুরো পৌরসভার জন্য পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা ছয়। ছোট–বড় ছয়টি বাজার, একটি কসাইখানা ও একটি গণশৌচাগার রয়েছে।
পৌরসভার সচিব মো. নুরুল আবছার জানান, পুরো পৌরসভায় ১০টি ডাস্টবিন বসানো হয়েছে। দুই বছরের মধ্যে একবার মশার ওষুধও দেওয়া হয়েছে। এ বছরও মশার ওষুধ দেওয়ার পরিকল্পনা আছে। নিয়মিত কর আদায় শুরু হলে পৌরসভাবাসীর সব ধরনের সুবিধা নিশ্চিত করা সহজ হবে।