নামেই পৌরসভা উন্নয়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিসেম্বরে বাঘাইছড়ি পৌরসভার সাত বছর পূর্ণ হবে। এই দীর্ঘ সময়ে নাগরিক সুবিধা বলতে কিছুই পাইনি। বরং মাথার ওপর চেপেছে ট্যাক্সের বোঝা।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন পৌর এলাকার বাসিন্দা ব্যবসায়ী অনুপম চাকমা। পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। ন্যূনতম নাগরিক সুবিধা নেই। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া বাবুপাড়া, উপজেলা-চৌমুহনী, পুরান মার্যিশা, মারিশ্যা বাজার, সদর রুপকারী, সদর বারিবিন্দুঘাট সড়ক খানাখন্দে ভরা। ওই সড়কগুলোতে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর চারদলীয় জোট সরকারের সময় তৎকালীন উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান বাঘাইছড়ি পৌরসভা উদ্বোধন করেন। এখনো পৌরসভার নিজস্ব ভবন হয়নি। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবনে দাপ্তরিক কার্যক্রম চলছে। নির্বাচন না হওয়ায় পদাধিকারবলে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করে গেছেন। পৌর এলাকার বাসিন্দা বাঘাইছড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, ‘এটা তো নামে পৌরসভা। কাজে নেই। সাত বছর হতে চলল এখনো কোনো উন্নয়ন হয়নি।’পৌর শহরের চৌমুহনী মার্কেটের ওষুধ দোকানি সুজিত চক্রবর্তী বলেন, ‘সামান্য বৃষ্টি হলে পৌরসভা সড়কগুলো চলাফেরা করা যায় না। কাদামাটি আর জলাবদ্ধতার কারণে উপজেলা থেকে চৌমুহনীতে যাওয়া দুরূহ হয়ে পড়ে।’পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. আবদুল শুক্কুর মিয়া বলেন, ‘গত এক বছর পৌরসভায় কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ফলে আমরা ১২ জন কাউন্সিলর বেকার সময় কাটাচ্ছি।’ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘পৌরসভা ঘোষণার পর শুধু বাসিন্দাদের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই কর দিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়।’ এদিকে, এত দিন মামলা জটিলতায় আটকে ছিল পৌর নির্বাচন। পৌরসভা সীমানা বাইরে থাকার পরও পৌরকর ধার্য করায় এলাকাবাসীর পক্ষে রাঙামাটি আদালতে ২০০৯ সালে অনিল বিহারী চাকমা নামের এক বাসিন্দা মামলা করেন। অবশ্য গত ২ ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি এলাকাবাসীর স্বার্থে মামলাটি করেছি। সম্প্রতি আমাকে বলা হয়েছে মামলা প্রত্যাহার করা হলে পৌর সীমানা জটিলতা সমাধান করা হবে। কিন্তু এখনো হয়নি। এ সীমানা জটিলতা নিরসন না হলে অসুবিধায় পড়বে শতাধিক পরিবার।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘাইছড়ি পৌর প্রশাসক মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘চলতি বছরে পৌরসভায় কোনো বরাদ্দ আসেনি। সে জন্য কোনো উন্নয়নমূলক কাজও করতে পারেনি। তিনি বলেন, ‘মামলার কারণে এতদিন পৌরসভা নির্বাচন হয়নি। তবে এখন আর কোনো বাধা নেই। সীমানা জটিলতার কারণে যে মামলাটি করা হয়েছিল বাদির সঙ্গে সমঝোতা হওয়ায় তিনি সেটা প্রত্যাহার করেছেন।’