নামেই মডেল বিদ্যালয়!
সামান্য বৃষ্টি হলেই পানিতে সয়লাব হয়ে যায় বিদ্যালয়ের মাঠ। টিনের ফুটো দিয়ে পানি পড়ে কাদাময় হয়ে ওঠে মেঝেসহ পুরো শ্রেণীকক্ষ। দরজা, জানালা অধিকাংশ ভাঙা। সামান্য ঝড়ো হাওয়া শুরু হলেই শ্রেণীকক্ষে বসা দায়। এ ছাড়া, আসবাবের অভাবে শিক্ষার্থীদের বসতে হয় গাদাগাদি করে। দীঘিনালা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশার চিত্র এটি। খাগড়াছড়ি জেলার মধ্যে এটি একমাত্র মডেল প্রাথমিক বিদ্যালয়!৭ জুন সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠটি যেন একটি পুকুর। শিক্ষার্থীরা হাঁটুপানি মাড়িয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে। বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে ব্যক্তিগত কাজে আসা কাঁঠালতলী আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম কান্তি চাকমাকে দেখা গেল জুতা হাতে নিয়ে মাঠ পেরিয়ে বিদ্যালয়ে যেতে। বললেন, ‘জলাবদ্ধতার কারণে জুতো পায়ে মাঠ পেরোনো সম্ভব হয়নি। তাই জুতা হাতেই নিলাম।’ দেখা গেল, বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষের দরজা নেই। অন্য কক্ষগুলোর দরজা থাকলেও জানালা ভাঙা। চালের টিনগুলো পুরোনো, দোমড়ানো-মোচড়ানো। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আদৃতা দেব, ববিতা ত্রিপুরা, চতুর্থ শ্রেণীর অলড্রিন চাকমা, নামিয়া আক্তার, পঞ্চম শ্রেণীর নিলা দে, কৌশিক চাকমাসহ অনেকে জানায়, তাদের শ্রেণীকক্ষে একটি বেঞ্চে ছয়-সাতজনকে গাদাগাদি করে বসতে হয়। বৃষ্টি হলে কক্ষে পানি পড়ায় শ্রেণীর কাজ করা যায় না। দরজা-জানালা ভাঙা হওয়ায় বাতাস হলে বই-খাতা উড়ে যায়। আর বৃষ্টির সময় বিদ্যালয়ের মাঠটি পরিণত হয় পুকুরে। এ অবস্থায় তাদের সুষ্ঠুভাবে পড়ালেখা হচ্ছে না। বিদ্যালয় সূত্রে জানা যায়, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৩৮ সালে। এটিকে মডেল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয় ১৯৯৮ সালে। এতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৭২৯ জন। শিক্ষক আছেন (দুজন প্রেষণেসহ) ১২ জন। মডেল বিদ্যালয় হিসেবে প্রতি ৩৫ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা থাকলেও এ বিদ্যালয়ে রয়েছে ৭২ জনের জন্য একজন শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধান চন্দ্র চাকমা বলেন, ‘আমরা নামমাত্র মডেল বিদ্যালয়ে আছি। মডেল বিদ্যালয়ে যে রকম সুযোগ-সুবিধা থাকার কথা তা এখানে নেই।’ প্রধান শিক্ষক জানান, আসবাবসহ অবকাঠামোগত সমস্যা প্রকট। যেখানে একটি বেঞ্চে চারজন শিক্ষার্থী বসার কথা সেখানে বসতে হচ্ছে সাতজনকে। বৃষ্টির কারণেও পড়ালেখা ব্যাহত হচ্ছে। সমস্যাগুলোর সমাধান এখন জরুরি বলে তিনি মন্তব্য করেন। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘সমস্যাগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।’