বাঁশের খুঁটি। ভাঙা টিন আর পলিথিনের চালা। কিছু দোকানে গাছের পাতার ছাউনি। চলাচলের রাস্তা বেহাল। স্থায়ী দোকানগুলোও জরাজীর্ণ। অথচ নাম বাহারি—রাজার হাট। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের এ হাটটি এখন জৌলুশ হারিয়ে দিনে দিনে নিষ্প্রাণ হয়ে পড়ছে।স্থানীয় লোকজন জানান, একসময় দক্ষিণ রাঙ্গুনিয়ার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এ হাট। এখান থেকে সবজি, আদা-হলুদ, ধান, ফলমূলসহ নানা পণ্য কিনে নিয়ে উপজেলা ও চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সরবরাহ কাতেন পাইকারি ব্যবসায়ীরা। উৎপাদিত পণ্য বিক্রির জন্য হাটে ভিড় করতেন উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষকেরা। কিন্তু এখন আর সেদিন নেই। হাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম (৬৫) জানান, প্রতি বৃহস্পতিবার হাট বসে। কিন্তু ক্রেতা-বিক্রেতা কম। চাষিরাও আগের মতো পণ্য আনেন না। স্থানীয় কিছু ক্রেতার চাহিদা হিসেবে যা প্রয়োজন, শুধু তা-ই বিক্রির জন্য আনেন। আর এসব বেচাকেনা করতেই হিমশিম খেতে হয়।স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রায় ১৭৫ বছর আগে রাঙামাটি পার্বত্য জেলার চাকমা রাজার বংশধর রাজা ভুবন মোহন রায় পদুয়া ইউনিয়নের রাজার হাট এলাকায় বসতি স্থাপন করে রাজ্যভার নিয়ন্ত্রণ করতেন। খাজনা আদায়ের জন্য তিনি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার হাট বসান। যেখানে বিক্রয়ের জন্য কৃষকেরা পণ্য নিয়ে আসতেন। আর এ হাটের নাম রাখা হয় রাজার হাট। পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে এ হাট ব্যাপক পরিচিতি লাভ করে। এরপর ব্রিটিশ অত্যাচারে রাজপরিবার চলে যাওয়ার পরও হাট বন্ধ হয়নি।স্থানীয় বাসিন্দা খায়রুল আলম (৮৬) জানান, দেশ স্বাধীন হওয়ার পর ৪২ বছরেও এ হাটের উন্নয়ন হয়নি। জীবিকার তাগিদে স্থানীয় লোকজন দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। হাট না জমায় তাঁদের বিক্রি কমে গেছে। ফলে দোকানগুলো মেরামত পর্যন্ত করতে পারছেন না তাঁরা। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, এ হাট প্রতিবছর ইজারা হয়, যা থেকে পাওয়া সামান্য অর্থ দিয়ে দুটি পাকা টিনের শেড নির্মাণ করা হলেও পুরো হাটের অবস্থা খারাপ। নালা-নর্দমা ও শৌচাগার নেই। বিশুদ্ধ পানিরও অভাব, একটি নলকূপ পর্যন্ত নেই। বর্ষাকালে হাঁটুসমান কাদা মাড়িয়ে পণ্য বেচাকেনা করেন ক্রেতা-বিক্রেতারা। রাজারহাটের মতো ফকিরি হাল আর কোনো হাটের নেই।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী জানান, রাজার হাটের অবকাঠামো উন্নয়নসহ খাবার পানির জন্য নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হবে।