নামেই সরকারি উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-কর্মচারীর ২৭টি পদের মধ্যে প্রধান শিক্ষকসহ ১৭টি পদ শূন্য। বিজ্ঞানাগার, পাঠাগার, শিক্ষকদের আবাসনের ব্যবস্থাসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধাও নেই তেমন। প্রায় ২৯ বছর ধরে শিক্ষার কার্যক্রম চলছে জরাজীর্ণ ঘরে। এই হচ্ছে একনজরে খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার পরিবেশের হালচিত্র। শিক্ষার্থীদের ভাষায়, ‘এ যেন নামেই সরকারি উচ্চবিদ্যালয়।’বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি খাগড়াছড়ির দীঘিনালার মাইনি নদীর পাড়ে দীঘিনালা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বেড়ার ঘরে স্থাপিত বিদ্যালয়টি ১৯৮৪ সালে উপজেলা সদরের কাছে আধা পাকা টিনের ছাউনি একটি ঘরে স্থানান্তর করা হয় এবং ওই বছরই এটি সরকারীকরণ করা হয়। এর পর থেকে বিদ্যালয়টির অবকাঠামোগত কোনো উন্নয়ন করা হয়নি। বিদ্যালয়ে বর্তমানে ছয় শতাধিক শিক্ষার্থী রয়েছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে কোনো বিজ্ঞানাগার নেই। একটি কক্ষে চারটি মাইক্রোস্কোপ (অণুবীক্ষণ যন্ত্র) খোলামেলা অবস্থায় আলমারিতে ফেলে রাখা হয়েছে। মূল্যবান মানব কঙ্কালটি মেঝেতে ফেলে রাখা হয়েছে। বিজ্ঞানচর্চার যন্ত্রপাতিগুলোও অব্যবহূত পড়ে আছে আলমারিতে। শ্রেণীকক্ষগুলোর বেহাল অবস্থা। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বসেছে গাদাগাদি করে। শৌচাগারের অবস্থাও নাজুক। একটি পরিত্যক্ত কক্ষে কোনো রকমে চলছে পাঠাগারের কার্যক্রম।সূত্র জানায়, বিদ্যালয়টি সরকারীকরণের পর থেকে সাতজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৮ সালের ৩১ জুলাই থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব ত্রিপুরা। প্রশাসনিকসহ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছেন তিনি।শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে মোট শিক্ষকের পদ রয়েছে ২৫টি। এর মধ্যে কয়েক বছর ধরে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ইংরেজি এবং বাংলা বিভাগের দুজন করে শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া নেই ভৌতবিজ্ঞান, বাণিজ্য, ভূগোল, কৃষি, সামাজিক বিজ্ঞান, গার্হস্থ্য, কম্পিউটার শিক্ষা ও শরীরচর্চা বিভাগের শিক্ষক, কার্যালয় সহকারী ও নৈশপ্রহরী।সরকারিভাবে দুটি শাখায় শিক্ষার্থীদের পাঠদানের কথা থাকলেও শিক্ষক-সংকটের কারণে একটি শাখায় পাঠদান চলছে। শিক্ষকদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয়ের শিক্ষার্থী কৃতিময় ত্রিপুরা বলে, ‘আমরা যেন নামেই সরকারি বিদ্যালয়ে পড়ালেখা করছি। এখানে অনেক বিষয়ের শিক্ষক নেই। বিশেষ করে, ইংরেজির শিক্ষক না থাকায় আমরা ওই বিষয়ে ফলাফল খারাপ করি। বিজ্ঞানের শিক্ষক না থাকায় বিজ্ঞানচর্চা করতে পারি না। একটি কক্ষে ১০০ জনকে গাদাগাদি করে বসে ক্লাস করতে হয়।’ তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই অভিযোগ করে দীপ্ত বিশ্বাস, জয় চন্দ্র দাশ, জুয়েল চাকমা, অমর চন্দ্র নাথ, সানজিদা সামাদ, রাবিয়া আক্তারসহ অনেকে। প্রীতি দাশ, কৈকি চাকমা, সূচনা চাকমা ও মুন্নী আক্তার জানায়, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় বিদ্যালয় চলাকালেও বখাটেরা আশপাশে আড্ডা দেয়। যাওয়া-আসার সময় নানা কটূক্তি করে। এদিকে সম্প্রতি বিদ্যালয়টির বিভিন্ন সমস্যার সমাধান ও অবকাঠামোর উন্নয়নের দাবিতে ছাত্রলীগ, ছাত্রদল, পাহাড়ি ছাত্রপরিষদ ও যুব সমিতি ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করে। পাহাড়ি ছাত্রপরিষদের সভাপতি জ্ঞান চাকমা বলেন, ‘প্রধান শিক্ষকসহ বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব এবং অবকাঠামো সমস্যার কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশের উন্নয়ন হচ্ছে না। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা শিক্ষক-সংকটসহ বিভিন্ন সমস্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘এখানে সমস্যার শেষ নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কোনো কাজ হয়নি।’