নামেই ৫০ শয্যা কাজ চলে ৩১ শয্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছিল ছয় বছর আগে। কিন্তু সে অনুযায়ী জনবল ও চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়নি। বর্তমানে ৩১ শয্যার জনবলও নেই হাসপাতালে। ফলে উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না উপজেলার সাধারণ মানুষ।এ ছাড়া হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না থাকায় বাইরের দোকান থেকে বেশির ভাগ ওষুধ কিনতে হয় রোগীদের। এক্স-রে যন্ত্রটি পাঁচ বছর ধরে বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে টেকনিশিয়ানের অভাবে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র অবলম্বন এই হাসপাতাল। প্রতিদিন প্রায় ৩০০ রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে অভ্যন্তরীণ বিভাগে ভর্তি হন ৩০-৩৫ জন। পর্যাপ্ত চিকিৎসাসুবিধা থাকলে রোগীর সংখ্যা অনেক বেশি হতো বলে চিকিৎসকেরা মন্তব্য করেন।চিকিৎসকেরা জানান, ২০০৬ সালের ১ জুন ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ জন্য ২০০৭ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু সে অনুপাতে চিকিৎসক, সেবিকাসহ কর্মচারী এখনো নিয়োগ দেওয়া হয়নি। ৫০ শয্যার হাসপাতালের বিভিন্ন বিভাগের জন্য ২৮ জন চিকিৎসক ও ১৪ জন সেবিকা প্রয়োজন। বর্তমানে আছেন মাত্র চারজন চিকিৎসক ও একজন সেবিকা, যা ৩১ শয্যার জনবলের তুলনায়ও কম। ৩১ শয্যার জনবল অনুযায়ী নয়জন চিকিৎসক ও নয়জন সেবিকা থাকার কথা। জানা যায়, হাসপাতাল প্রতিষ্ঠার ২৭ বছরেও এখানে কোনো গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ২০১০ সালের ডিসেম্বর মাসে একজন গাইনি চিকিৎসক দেওয়া হলেও দুই মাস পর তিনি অন্যত্র বদলি হয়ে যান। ফলে প্রসূতিসেবা বন্ধ রয়েছে। হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটার বাসিন্দা সাবিনা ইয়াছমিন বলেন, হাসপাতালে নারী চিকিৎসক না থাকায় প্রসূতিসেবা পাওয়া যায় না। প্রসূতি রোগী এলে তাঁদেরকে চিকিৎসকেরা কক্সবাজার সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।হাসপাতালে চিকিৎসাধীন সানজিদা বেগম অভিযোগ করে বলেন, সেবিকার অভাবে সময়মতো ওষুধ-পথ্য খাওয়া সম্ভব হয় না। এ ছাড়া সেবিকার দায়িত্ব পালনকারী আয়া ও ওয়ার্ডবয়রা ওষুধের নামও পড়তে জানেন না বলে তিনি মন্তব্য করেন। ১২ জুলাই সকাল নয়টায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের প্রচণ্ড ভিড়। দুজন চিকিৎসক মোহাম্মদ নিজাম উদ্দিন ও আবু বক্কর সিকদার এসব রোগীকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন। ছোটমহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা থেকে চিকিৎসা নিতে আসা রহিম বকসু ও কামাল হোসেন জানান, হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও তা কাজে আসছে না। ফলে তাঁদের প্রয়োজনীয় এক্স-রে করতে কক্সবাজার সদরে যেতে হচ্ছে। কিন্তু অনেক অসহায় গরিব রোগীর পক্ষে অর্থাভাবে বাইরে গিয়ে এক্স-রে করানো সম্ভব না হওয়ায় তাঁরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ‘জরুরি ভিত্তিতে চিকিৎসক ও সেবিকা নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার লিখিত অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এতে হাসপাতাল চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’ তিনি জানান, যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় এখানে বাইরে থেকে চিকিৎসক আসতে চান না। আর কাউকে এখানে বদলি করা হলেও তাঁরা আবার তদবির করে অন্যত্র বদলি হয়ে চলে যান।