নারকেল ছোবড়া দিয়ে জীবিকা
১৭ বছর ধরে নারকেল ছোবড়ার ব্যবসা করেই জীবিকা নির্বাহ করছেন আবদুর রশীদ। এ ব্যবসার উপার্জন দিয়ে নিজের পরিবারের জন্য গড়েছেন সুখের ঠিকানা। কেমন করে এ পেশায় এলেন জানতে চাইলে বলেন, ‘প্রথম দিকে অন্যের কারখানায় কাজ করতাম। এখন নিজেই কারখানা চালু করছি।’ আবদুর রশীদের গ্রামের বাড়ি চাঁদপুর। কাজের খোঁজে এসে এখন চট্টগ্রামেরই বাসিন্দা তিনি। আগ্রাবাদ সংযোগ (অ্যাক্সেস) সড়কের পাশেই তাঁর ব্যবসাকেন্দ্র। কথায় কথায় জানালেন, এসব ছোবড়া দিয়ে মূলত বিছানা (বেড), রিকশার গদি, পাপোশ ইত্যাদি তৈরি হয়। এ ছাড়াও দামি সোফার গদি তৈরির জন্য ছোবড়া অত্যাবশ্যকীয় উপাদান। এসব ছোবড়ার বেশির ভাগ নোয়াখালী থেকে এনে প্রক্রিয়াজাত করা হয়। নোয়াখালীর বেশ কিছু ব্যাপারি এসব ছোবড়ার জোগান দেন। ট্রাকপ্রতি দাম পড়ে আট থেকে ১০ হাজার টাকা। এসব ছোবড়া এখানে এনে রোদে শুকিয়ে বিশেষ যন্ত্রে ছাড়ানো হয়। তারপর মিহি করে আবার রোদে শুকিয়ে বিক্রির উপযোগী করা হয়। বিক্রি হয় প্রতিকেজি ১২ টাকা। প্রতি মাসে প্রায় ২০০ মণ ছোবড়া বিক্রি করেন আবদুর রশীদ।রশীদের কাছে জানা গেল, চট্টগ্রামে তিনি ছাড়াও আরও পাঁচজন এ ব্যবসার সঙ্গে জড়িত। তবে নারকেল ছোবড়া ছাড়ানোর যন্ত্র তৈরি হওয়ার আগে প্রায় আড়াই শ পরিবার এ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। যন্ত্র তৈরি হবার পর মানুষের হাতের কাজ কমে গেছে। তাই কমেছে শ্রমিকের প্রয়োজনীয়তাও। প্রতিটি যন্ত্র তৈরিতে খরচ পড়ে প্রায় পাঁচ হাজার টাকা। লাভ কেমন হয় জানতে চাইলে রশীদ বলেন, ‘বউ-সন্তান নিয়ে বেশ ভালো আছি। অন্যের কাছে হাত পাততে হয় না। সবচেয়ে সুখের কথা এটাই। সব মিলিয়ে ভালোই আছি।’ রাস্তার পাশে ছোবড়া শুকানোর কাজ সারেন বলে কোনো ভাড়া দিতে হয় না। তাঁর সহযোগী আছেন পাঁচজন। তবে বৃষ্টির সময় বেশ অসুবিধা হয়। সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায় কি না জানতে চাইলে বলেন, ‘ইতিমধ্যে পাইনি। তবে সরকার যদি আমাদের জন্য কিছু ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে আরও সুবিধা হতো।’