নারকেলের মালার টাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেকড়, বাকল, নারকেলের মালা, কাঠের গুঁড়া—এসব দিয়ে তৈরি গৃহস্থালির সরঞ্জামাদি। এতে করা হয়েছে মনোরম কারুকাজ। এগুলোর কারিগর হলেন কারুকর্মী সমীরণ দত্ত। ‘প্রায় ১৩ বছর থেকে গাছের অপচনশীল উপাদান নিয়ে কাজ করছি। তবে এবারের বেশির ভাগ কাজ নারকেলের মালা থেকে। এর কাঁচামাল সহজলভ্য। সবচেয়ে বড় কথা, এগুলো পরিবেশবান্ধব। নারকেলের মালার জিনিসপত্রে পানি পড়লেও ক্ষতি হয় না।’ বললেন তিনি। ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, ফুলদানি, কলমদানি, বিভিন্ন আকারের শোপিস, মোবাইল ফোন রাখার পাত্র, ছোট বাটি ও চাবির রিং থেকে শুরু করে গয়নাও পাবেন। তবে সিলিং কিংবা ঘরের দেয়াল একটু ভিন্নভাবে সাজাতে , চাইলে কারুকার্যময় টাইলস কিনতে পারেন। এসব নারকেল থেকেই তৈরি করা হয়েছে। দেখলে চোখ জুড়িয়ে যাবে। ঘরেও থাকবে দেশীয় আমেজ। প্রতি বর্গফুট টাইলসের দাম পড়বে এক হাজার টাকার ওপরে। এ ছাড়া শোপিসসহ গৃহস্থালি-সামগ্রী পাবেন ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। সমীরণ দত্ত বলেন, ‘আদি নামে নিজের বাড়িতে একটি প্রতিষ্ঠান আছে। এসব সামগ্রী নিয়ে ৬ থেকে ৯ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে উন্নয়ন মেলায় আদির স্টলে এসব পাবেন ক্রেতারা।’ পরে যদি কেউ আগ্রহী হয়ে কিনতে চান বা ফরমায়েশ দিয়ে বানিয়ে নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ: ০১৭১৯৬১১১১৭।