
হরিণগুলো মানুষকে মোটেও ভয় পায় না, বরং খাবারের জন্য মুখ বাড়িয়ে দেয়। এরা শত শত বছর ধরে জাপানের নারা শহরের বাসিন্দা। সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম ইনস্টাগ্রামে এসব হরিণের ছবি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
নারা হরিণেরা এত দিন শহরময় অবাধে ঘুরে বেড়াত। কিন্তু চলতি সপ্তাহ থেকে সেই সুযোগ শেষ। এখন শহর ছেড়ে বেশি দূরে গেলেই ফাঁদ পেতে তাদের আটকানো হবে। স্থানীয় লোকজন, বিশেষত কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ, হরিণগুলো প্রায়ই শহরের বাইরে গিয়ে ফসলের খেতে মুখ দেয়।
জাপানের উত্তরাঞ্চলীয় ছোট্ট শহর নারা। সেখানে অন্তত ১ হাজার ২০০টি সিকা হরিণের আবাস, বেশির ভাগই নারা পার্কে। পর্যটকেরা হরিণগুলোকে নানা খাবার দিয়ে থাকেন। জাতীয় সম্পদ হিসেবে পরিচিত এই চতুষ্পদ জন্তুটি সংরক্ষণের জন্য জাপানে রীতিমতো আইন আছে। গত বছর কর্তৃপক্ষ জানায়, এই হরিণেরা বছরে আঞ্চলিক কৃষি খাতে ৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ক্ষতি করে। সে কারণেই এদের নিয়ন্ত্রণ করতে হবে।
কয়েকটি হরিণ রেখে বাকিগুলোকে শহরের বাইরে কোথাও সরিয়ে নেওয়ার প্রস্তাব এসেছিল। তবে কর্তৃপক্ষ চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেয় এদের প্রতি আরও নমনীয় হওয়ার। সে কারণেই ফাঁদ পেতে আটকে প্রাণীটির চলাফেরা নিয়ন্ত্রণের বন্দোবস্ত।
স্থানীয় সরকারের একজন কর্মকর্তা আশাহি শিমবুন পত্রিকাকে বলেন, মানুষ ও নারা হরিণের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাস আছে। তাঁরা এ ঐতিহ্য ধরে রাখতে চান। তবে ফসলের ক্ষতি প্রতিরোধ করাও তো জরুরি। তাই প্রাণীটিকে ফাঁদ পেতে ধরলেও পরে আবার ছেড়ে দেওয়া হবে।