নারাঞ্জিদা আমাকে খাতির করতেন

তাঁর আসল নাম আমি জানি না। সবাই ডাকে নারাঞ্জি বলে। আমিও তাঁর দোকানটাকে চিনি নারাঞ্জির দোকান নামে। আমি তখন সিক্স কিংবা সেভেনে পড়ি। সপ্তাহে অন্তত একদিন কেরোসিনের ডিব্বা নিয়ে আমাকে যেতে হতো নারাঞ্জির দোকানে। সন্ধ্যার আগে সেখানে অনেক ভিড় থাকত। সবাই টাকা দিয়ে জিনিস কিনছে।আমার হাতে কোনো টাকা নেই। লেখা হবে বাকির খাতায়। তার পরও দেখতাম নারাঞ্জিদা ভিড় ঠেলে আমার ডিব্বাটা আগে নিয়ে, খুশি মনে কেরোসিন ভরে দিয়ে বলছেন, ‘বাড়ি গিয়ে পড়তে বসো।’বাকিতে নেওয়া মানুষের কদর দেখে অনেকেই আমার দিকে তাকিয়ে থাকত। আমিও বুঝতাম না তিনি কেন এমন করতেন। ভাবতাম, আমার বাবা শিক্ষক ছিলেন। হয়তো কোনো একসময় বাবার ছাত্র ছিলেন। তাই হয়তো আমাকে তিনি একটু বেশি খাতির করছেন।বাবা হাইস্কুলে পড়াতেন। বেশি দিন আগের কথা নয়। তখন শিক্ষকদের বেতন এখনকার মতো ছিল না। এমপিও মানে যে ‘মানথলি পে অর্ডার’, এটা আমি জানতাম অনেক ছোটবেলা থেকেই। কারণ, মাসের অর্ডার যদি আসে তিন কিংবা চার মাস পর, তাহলে তো বিষয়টা নিয়ে কৌতূহল হওয়ারই কথা। যা হোক, টাকা পাওয়ার আগে বাবার চোখে যেমন আনন্দ দেখতাম, টাকা পাওয়ার এক দিন পরেই সেটা হারিয়ে যেত। কারণ, সব টাকা তিনি শেষ করে এসেছেন বাকির হিসাব শোধ করে। সুতরাং আবার শুরু হলো নতুন বাকির হিসাব।আমি হাইস্কুলের কিছুটা সময় বাবার স্কুলে পড়লেও পরে তিনি ভর্তি করালেন শহরের সরকারি স্কুলে।মাসে কত টাকা লাগবে কখনোই তাঁকে বলতে হয়নি। তিনি শুধু জানতেন প্রতিদিন খেতে-পরতে কত খরচ হয় আর চলতে-ফিরতে কী পরিমাণ টাকা লাগে। টাকা আসত হিসাব কষে। আমি জানতাম না সেটা কোনো বাকির খাতায় লেখা হতো।বাবার মৃত্যুর পর তাঁর কিছু পাওনাদারের মুখে বাবার প্রশংসা শুনেছিলাম। তিনি টাকা ধার নিয়ে বলতেন, ৩০ তারিখ দেবেন। কোনো কারণে তাঁর এমপিও মিস হলে ৩০ তারিখে গিয়ে ক্ষমা চেয়ে বলতেন ঠিক কবে দিতে পারবেন। টাকা দিতে না পারলে তিনি যে আগেই দেখা করতেন, এটাই ছিল তাঁর বড় গুণ। আমি এখন বুঝি, সেই সময়ে নারাঞ্জিদা কেন আমাকে খাতির করতেন।