নারানগিরি বিদ্যালয়ে শিক্ষকসংকট
মাত্র ১০ জন শিক্ষক দিয়ে চলছে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের ২৪ জন শিক্ষকের মধ্যে প্রেষণে আছেন ১২ জন। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য। এতে বাংলা, ইংরেজি ও গণিতসহ গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদান ব্যাহত হচ্ছে।বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা বিভাগের সহকারী শিক্ষক—মীর আবুল কালাম, প্রীতম কুমার সেন ও আবদুর রশিদ, সমাজবিজ্ঞান বিভাগের—মজিবুর রহমান, গণিত বিভাগের—সুদত্ত বড়ুয়া ও আশীষ কুমার শীল, সংগীত শিক্ষা বিভাগের—চন্দ্রশেখর দত্ত ও চারুকারু বিভাগের—অঞ্জন দাশ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বিদ্যালয়ে প্রেষণে কর্মরত আছেন। সুরেশ তঞ্চঙ্গ্যা, আবু তৈয়ব ও শহীদুল্লাহ নামের তিনজন শিক্ষক প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করছেন। ইশরাত জাহান নামের একজন শিক্ষিকা প্রশিক্ষণ নিতে গেছেন মালয়েশিয়ায়। এ ছাড়া সম্প্রতি বদলি হয়ে যাওয়ায় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ ছাড়া দুই বছরের বেশি সময় ধরে হিসাববিজ্ঞান ও ইংরেজি বিভাগে কোনো শিক্ষক নেই। ফলে বিদ্যালয়ের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসমিন আক্তার, নিউচিং মারমা, নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলাম, দশম শ্রেণীর শিক্ষার্থী স্বপন দেওয়ান ও হোসনেয়ারাসহ বেশ কয়েকজন জানায়, বাংলা, গণিত, ইংরেজি বিষয়ের কোনো শিক্ষক এখন নেই। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও বহু বিষয়ে পাঠদান হয় না। এ অবস্থায় বার্ষিক পরীক্ষার আগে শিক্ষা বোর্ডের নির্ধারিত পাঠ্যসূচি শেষ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের আনিসুর রহমান, চন্দ্রঘোনার সন্ধিপাড়া গ্রামের আকবর হোসেন, রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন অভিভাবক বিদ্যালয়ের পাঠদানের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক চট্টগ্রাম শহর থেকে যাতায়াত করেন। অনেকেই দুপুরের আগে বিদ্যালয়ে আসতে পারেন না। আবার বিদ্যালয় ছুটির আগেই কেউ কেউ শহরে চলে যান। ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক না থাকার বিষয়টি কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ বলেন, শিক্ষক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। প্রেষণে বাইরে থাকা ১২ জন শিক্ষক ফিরে এসে দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকসংকট কাটবে না। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে। আশা করি শিগগির বিদ্যালয়ের শিক্ষকসংকট কেটে যাবে।’