নারায়ণগঞ্জ ভ্রমণে কিছু সতর্কতা
গুম-অপহরণের কথা এলেই এখন মনে পড়ে নারায়ণগঞ্জ শহরের কথা। অকাজে, কাজে কিংবা বাধ্য হয়েও নারায়ণগঞ্জে যেতে হতে পারে আমাদের। তাই নারায়ণগঞ্জ ভ্রমণের জন্য সতর্কতামূলক কিছু পরামর্শ তুলে ধরা হলো এবার।

চেক-ইন না দেওয়া
আজকাল কোনো জায়গায় গেলে ফেসবুকে চেক-ইন দেওয়ার রেওয়াজ হয়ে গেছে। ফলে অন্যরা খুব সহজেই জানতে পারে, আপনি এখন কোথায় আছেন। আর সবাই যদি জানতে পারে আপনি নারায়ণগঞ্জে আছেন, তাহলেই সেরেছে! যেকোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে আপনার ওপর। তাই বিরত থাকুন ফেসবুকে চেক-ইন দেওয়া থেকে। আপনার নারায়ণগঞ্জ ভ্রমণের ব্যাপারটা যেন কাকপক্ষীও টের না পায়!

আকাশপথে ভ্রমণ
আপনার সঙ্গীসাথি যতজনই থাক, নারায়ণগঞ্জের পথেঘাটে চলাফেরা করার সময় অপহূত হওয়া সময়ের ব্যাপার মাত্র। রিকশা কিংবা মাইক্রোবাস—যেখানেই থাকুন, আপনাকে আটকে ফেলা কঠিন কিছু নয়। তাই নারায়ণগঞ্জ শহরে চলাফেরা করার জন্য আপনি ব্যবহার করতে পারেন হেলিকপ্টার। হেলিকপ্টার ভ্রমণ ব্যয়বহুল হলেও জীবনের দাম অনেক বেশি। তা ছাড়া এখন পর্যন্ত আকাশপথে হেলিকপ্টার থামিয়ে অপহরণ করার মতো কোনো ঘটনার কথা শোনা যায়নি।

ছদ্মবেশে চলাফেরা
ছদ্মবেশ খুব সহজ ও কার্যকর একটি উপায়। নারায়ণগঞ্জ শহরে যাওয়ার আগে ছদ্মবেশ ধারণ করুন। ছদ্মবেশটা হতে হবে খুব সাধারণ কোনো মানুষের। তাতে করে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। ভালোভাবে ছদ্মবেশ নিলে আপনার শত্রু-মিত্র কেউই টের পাবে না আপনি কে। তবে সাবধান, ছদ্মবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে আপনার ‘খবর’ হয়ে যাবে।

নদী ভ্রমণে সতর্কতা
যেকোনো শহরে যাওয়ার পর সবাই নদীর ধারে বেড়াতে যেতে চাই। শীতলক্ষ্যা নদীর তীরেই নারায়ণগঞ্জ শহর। চোখ-কান খোলা থাকলে এত দিনে এ নদীর কাহিনি জেনে গেছেন। তাই আর যেখানেই যান না কেন, ভুলেও শীতলক্ষ্যার ধারে পা বাড়াবেন না!