
অনেকেই উদ্যোক্তা হতে চান। তবে জানেন না কীভাবে শুরু করবেন। নারীদের বেলায় তো আরও কঠিন। এই কঠিন কাজটাকে সহজ করতেই কাজ শুরু করেছে প্রতিষ্ঠিত নারীদের সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স (বিএফডব্লিউই)।
নারীদের আরও দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে তারা। ঢাকার মোহাম্মদপুরে সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করে বিএফডব্লিউই। ২৭ ও ২৮ জানুয়ারি বিজনেস উইমেন ফোরাম শিরোনামের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৫ জন নারীকে নিয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সারা যাকের ও তাঁর মেয়ে শ্রিয়া সর্বজয়া। অনুষ্ঠানে তাঁরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন সবার সঙ্গে।
পাঁচটি অধিবেশনের মাধ্যমে শেষ হয় দুই দিনের এই কর্মশালা। আয়োজনটি নিয়ে বিএফডব্লিউইয়ের প্রেসিডেন্ট রোকিয়া আফজাল রহমান বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকার বাইরেও এই আয়োজন করতে চাই আমরা।’
কর্মশালার বিভিন্ন অধিবেশনে কথা বলেছেন আমিনা আহমেদ, লুনা শামুসদ্দোহা, সামিরা জুবেরিসহ অনেকে। অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। কর্মশালায় অংশ নেওয়া নারীদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।