নারী উপাচার্যকে অভিনন্দন জানালেন প্রবাসী বিশিষ্ট বাংলাদেশিরা

বুয়েটের প্রথম নারী উপাচার্য হয়েছেন অধ্যাপক খালেদা ইকরাম। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফারজানা ইসলাম। ফারজানা ইসলাম দেশের প্রথম নারী উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন একজন নারী। তিনি হচ্ছেন অধ্যাপক নাসরিন আহমেদ।

দায়িত্ব গ্রহণের পর তিন নারীই দেশের বিভিন্ন মহল থেকে অভিনন্দন পেয়েছেন। খালেদা ইকরাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী কয়েকজন সফল বাংলাদেশিও খালেদা ইকরাম এবং অন্যদের সাফল্য কামনা করেছেন। আনন্দযাত্রা সাংস্কৃতিক মঞ্চ, আবুধাবি এবং আনন্দধারা সাংস্কৃতিক মঞ্চ, দুবাইয়ের মাধ্যমে এ আমিরাতপ্রবাসী চার বিশিষ্ট বাংলাদেশি খালেদা ইকরাম, ফারজানা ইসলাম ও নাসরিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা হলেন: দুবাই চিড়িয়াখানার প্রধান ও পরিবেশবিজ্ঞানী রেজা খান, আবুধাবির যায়েদ বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের শিক্ষক হাবিব-উল-হক খন্দকার, একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও যোগাযোগ বিভাগের শিক্ষক রায়হান জামিল এবং আবুধাবির ইসলামিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

রেজা খান বলেন, ‘বিশ্বায়নের যুগে নারীদের বাদ রেখে অগ্রগতি সম্ভব নয়। যোগ্যতার ভিত্তিতে তাঁরা আজ এগিয়ে এসেছেন। বাংলাদেশে নারীদের বিপুল গতিতে অগ্রযাত্রা হচ্ছে। একসময় তাঁরা নিগৃহীত হয়েছেন। এখন পরিবর্তন আসছে। বাংলাদেশের শহরে নয় গ্রামেও তার ঢেউ পড়েছে। তাঁদের জায়গা দিতেই হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অপর বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হওয়ার ঘটনা আমাদের সমাজে একটা সুখবর।’
হাবিব-উল-হক খন্দকার বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য নিযুক্তি ইতিবাচক ঘটনা। বাংলাদেশের শিক্ষা ও সমাজ প্রগতির সূচকে অগ্রগতির প্রতিফলন এই খবর। কেউ কেউ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য নিয়োগে প্রশ্ন তুলেছেন, এটা দুঃখজনক। যোগ্যতার ভিত্তিতে এসেছেন তিনি। নারী বলে বিষয়টি প্রত্যাখ্যানের চেষ্টা, নারীদের অধিকারকেই অস্বীকার করা।

রায়হান জামিল বলেন, ‘বাংলাদেশে এখন যোগ্যতা ও মেধাকে লিঙ্গ-নির্বিশেষে প্রাধান্য দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নারী উপাচার্য নিয়োগের মধ্যে সেই চিত্র প্রতিভাত। বাংলাদেশে নারীদের অগ্রযাত্রাকে অভিনন্দন জানাচ্ছি।’
মীর আনিসুল হাসান বলেন, ‘নারী উপাচার্য ও সহ-উপচার্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন আশা করি। এর আগে এই সব বিশ্ববিদ্যালয়ের চলার পথে কিছু অপ্রত্যাশিত ঘটনা ছন্দপতন ঘটিয়েছে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবেন।’ অধ্যক্ষ মীর আনিস তিন উপাচার্যের সাফল্য কামনা করেন।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত