নারী একা খেতে গেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরা (ছদ্মনাম) হনহন করে রেস্তোরাঁ থেকে বের হয়ে এলেন। চোখে পানি টলটল করছে। পেছনে পেছনে ছুটছেন ওয়েটার, হোটেল মালিক। রেস্তোরাঁর অন্য ক্রেতারাও হা হয়ে সেই দৃশ্য দেখছেন। নিজেদের মধ্যে শুরু করেছেন ফিসফিস। এ মাসের শুরুতে রাজধানীর একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে ।

অনেকটা ক্ষোভ নিয়েই মিরা এ ঘটনা বর্ণনা করেন। দুপুরের খাবার খেতে রেস্তোরাঁটিতে যান মিরা। অনেকক্ষণ দাঁড়িয়ে একটি টেবিলে বসেন। বসে থাকলেও খাবারের অর্ডার নিতে আসে না কোনো ওয়েটার। পরে নিজে উঠে গিয়ে ওয়েটার ডেকে খাবারের অর্ডার দেন। আবার শুরু হয় অপেক্ষার পালা। অন্য টেবিলে খাবার এলেও আসে না মিরার টেবিলে। দীর্ঘ সময় অপেক্ষা করে ওয়েটারের কাছে এর কারণ জানতে চান তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়েটার বিরক্ত স্বরে বলেন, একা খেতে এলে দেরিই হবে। একা আসবেন আর অপেক্ষা করবেন না। কেন যে মেয়েরা খেতে আসে!
সাদিয়া (ছদ্মনাম) কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। পেশাগত কাজে তাঁকে বেশির ভাগ সময় বাইরেই খেতে হয়। খেতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাঁর, হয়েছেন নানা ধরনের বিড়ম্বনার শিকার। সাদিয়া বলেন, ‘একজন নারী একা খেতে গেলে তাঁকে অনেক বেশি উপেক্ষা সহ্য করতে হয়। হোটেলের কর্মচারী থেকে শুরু করে যাঁরা খেতে আসেন, একা মেয়ে দেখলেই সবাই কেমন কৌতূহলী হয়ে ওঠেন। তখন পর্যবেক্ষণের বিষয় হয়ে ওঠে মেয়েটি কেন একা খেতে এসেছেন, কি অর্ডার করছেন, কতটুকু অর্ডার করছেন এমনকি কিভাবে বসছেন। অন্য ক্রেতাদের মধ্যেও তাঁকে ঘিরে শুরু হয়ে যায় গুঞ্জন।’
এ জন্য পুরুষশাসিত সমাজ ব্যবস্থা বা দৃষ্টিভঙ্গিকেই দায়ী করেন সাদিয়া। তিনি বলেন, ‘একজন পুরুষকে একা খেতে গিয়ে কখনোই এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয় না। কারণ পুরুষের সঙ্গে এমন আচরণ করা হলে তারা চিত্কার-চেঁচামেচি করে পরিবেশ অশান্ত করে তুলবেন অন্যদিকে নারী চুপ করে খাবার খেয়ে নেন অথবা না খেয়ে বের হয়ে যান।’ তবে মাঝেমধ্যে নারীরা প্রতিবাদও করে থাকেন বলে জানান তিনি।
শুধু মিরা বা সাদিয়া নয় রাজধানীর অনেক কর্মজীবী নারী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ নারীই একা খেতে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অনেকে ভয়ও পান। ‘একা খেতে যাব, ভাবতেই পারি না’ বলেন চাকরিজীবী শিরিন হক। এর কারণ হিসেবে তাঁরা জানান, ‘এখনো রেস্তোরাঁগুলোর পরিবেশ নারীবান্ধব হয়ে ওঠেনি, যেখানে নারী একা খেতে যেতে পারেন। তারপরও গেলে প্রথমেই জানতে চান, একা কিনা? একা শুনলেই বসতে দিতে নানা অজুহাত দেখান বা অপেক্ষা করতে বলেন। এ সময় তাঁদের দৃষ্টিতে থাকে এক ধরনের করুণা।’ এমন অবস্থায় অনেক নারীই খুব অসহায়বোধ করেন বলে জানান তিনি। আবার অনেক রেস্তোরাঁয় পর্দা দিয়ে নারীদের বসার আলাদা ব্যবস্থা করেন। অনেক রেস্তোরাঁয় খেতে গেলে নারীকে অতিরিক্ত তোষামোদ করা হয়, যার মাধ্যমে নিজেকে আলাদা গোত্রের মনে হয় বলে জানালেন শিক্ষার্থী ফাতেমা আক্তার। এসব কারণে, অনেক নারী আছেন যারা কখনোই রেস্তোরাঁয় একা খেতে যান না। সারা দিন না খেয়ে থাকলেও রেস্তোরাঁয় ঢুঁ মারেন না। যত ক্ষুধাই লাগুক, বাসায় ফিরে তবেই খাবার খাবেন।
এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে ধানমন্ডির এক রেস্তোরাঁর মালিক বলেন, ‘মেয়েরা একা খেতে এলে নানান রকম সমস্যার মুখোমুখি হন সত্যি, তবে বিষয়টি ইচ্ছাকৃত নয়।’ এর কারণও ব্যাখ্যা করেন তিনি। এ ক্ষেত্রে মূল সমস্যা হলো, ‘একজন নারীর জন্য গোটা টেবিল বরাদ্দ করতে হয়, যেখানে অন্তত চারজন বসতে পারে। তা ছাড়া তাঁরা (নারীরা) এত অল্প পরিমাণে খাবার অর্ডার করেন যে তা আমাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি, আমাদের সমাজে মেয়েরা একা রেস্টুরেন্টে খাবে—এ বিষয়টি এখনো ভালোভাবে দেখা হয় না। আর ওয়েটাররা ক্রেতার সেবা বিষয়ে গুরুত্ব দেয় না বা সেভাবে জানে না।’ তবে এর ব্যতিক্রমও আছে। এখনকার অনেক রেস্তোরাঁয় ক্রেতাদের সেবাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়। তাঁরা নারীদের অন্যসব ক্রেতার মতোই দেখেন।