বর্ষবরণে টিএসসিতে নারী নিপীড়নসহ সারা দেশে অব্যাহতভাবে নারী ও শিশুর ওপর নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে গত শনিবার থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
গত সোমবার বিকেল পর্যন্ত তিন দিনে কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, পৌরসভার অলিগলি, পাড়া–মহল্লা, বাসস্ট্যান্ড ও স্থানীয় সংবাদপত্র কার্যালয়ে গিয়ে দেড় হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব ও সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তীর নেতৃত্বে স্বাক্ষর অভিযান পরিচালনা করছেন সহসাধারণ সম্পাদক পাভেল দাশ, সাংগঠনিক সম্পাদক মুরিদুল ইভান, শিক্ষা ও গবেষণা সম্পাদক শয়ন বিশ্বাস, দপ্তর সম্পাদ রাহুল মহাজন, প্রচার সম্পাদক উত্তম মারমা, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক অরূপ বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক নীলা দেব প্রমুখ। —কক্সবাজার অফিস