কার্বারি (গ্রামপ্রধান) হিসেবে নিয়োগ পাওয়া নারীদের সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেওয়া দরকার। নারী-পুরুষের অধিকার ও মর্যাদায় সমতা গড়ে তুলতে নারী কার্বারিদের সমাজে ভালো ভূমিকা রাখতে হবে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের (আইএফএফইসি) উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে বক্তারা আরও বলেন, গত দুই বছরে চাকমা সার্কেলে ১৬০ জন নারীকে কার্বারি হিসেবে নিয়োগ দেওয়া নারীর ক্ষমতায়নে ইতিবাচক। বোমাং ও মং সার্কেলেও কার্বারি পদে নারীর সংখ্যা বাড়াতে হবে। নারীর সদস্যসংখ্যা বাড়াতে হবে তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে।
হিমাওয়ান্তির সভাপতি টুকু তালুকদারের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন চাকমা সার্কেলের রানি য়েন য়েন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য সান্ত্বনা চাকমা। ‘নারী কার্বারি: নারী নেতৃত্ব বিকাশে ইতিবাচক পদক্ষেপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী সুস্মিতা চাকমা। প্যানেল আলোচক ছিলেন ইউএনডিপি কর্মকর্তা ঝুমা দেওয়ান, সাংবাদিক হরি কিশোর চাকমা ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা। আলোচনায় তিন পার্বত্য জেলার মানবাধিকার ও নারী অধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। অপরদিকে বেসরকারি সংস্থা ‘টংগ্যা’ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান ও কার্বারি নেটওয়ার্ক আয়োজিত অপর এক আলোচনা সভায় বক্তারা বলেন, নারী কার্বারিদের সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি নিজেদের দক্ষতাও বড়াতে হবে।
নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেলের রানি য়েন য়েন।