করোনাকালে দীর্ঘ বিরতির পর ঢাকার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটাররা সবে ফিরেছেন তখন। খেলোয়াড়দের প্রস্তুত করতে কাজ করছেন বিসিবির ফিজিওথেরাপিস্ট ও ট্রেইনাররা। হঠাৎ একাডেমি মাঠে বিশেষ দৃষ্টি কাড়লেন এক ফিটনেস প্রশিক্ষক। তাঁর নাম সুলতানা ইয়াসমিন, মেয়েদের ক্রিকেটে যিনি পরিচিত ‘বৈশাখী’ নামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আগেও নারী প্রশিক্ষক বা ট্রেইনার কাজ করেছেন, তাঁরা অবশ্য সবাই বিদেশি। বিসিবির নারী ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ মাহমুদ জানালেন, সুলতানাই নারীদের ক্রিকেটে প্রথম পেশাদার প্রশিক্ষক। অবশ্য বছর তিনেক আগে মেয়েদের ভারত সফরে একটি সিরিজেই ফাতেমাতুজজোহরা প্রশিক্ষক হিসেবে গিয়েছিলেন। তিনি এখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) কোচ হিসেবে কাজ করছেন।
একসময় বাংলাদেশ নারী দলে খেলেছেন খুলনার মেয়ে সুলতানা। ৬টি ওয়ানডে আর ১টি-টোয়েন্টিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার সীমাবদ্ধ থেকেছে এই উইকেটকিপার ও ব্যাটসম্যানের। গত পাঁচ বছরে জাতীয় দলে আর সুযোগ না পেলেও এখন ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন সুলতানা। খেলোয়াড়ি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন বলেই নিজেকে প্রস্তুত করছেন ক্যারিয়ারের আরেকটি পর্ব শুরু করতে। তারই অংশ হিসেবে গত মার্চে কক্সবাজারে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে তাঁর প্রশিক্ষক হিসেবে অভিষেক।
এরপর তো পড়ে গেল চার মাসের করোনার বিরতি। গত আগস্ট থেকে আবার নিয়মিত কাজ করছেন। যেহেতু মেয়েদের খেলা নেই, ঢাকায় বিচ্ছিন্নভাবে কাজ করতে হচ্ছে নির্দিষ্টসংখ্যক নারী ক্রিকেটারের সঙ্গে। তবু সুলতানা খুশি, একটা স্বপ্ন তো পূরণ হচ্ছে। বাংলাদেশের নারী ক্রিকেটে কোচ কিংবা ট্রেইনার হওয়ার উদাহরণ খুবই কম। কী ভেবে ট্রেইনার হওয়ার ভাবনাটা এল তাঁর?
এ প্রশ্নে সুলতানা ফিরে গেলেন পাঁচ বছর আগে, ‘একজন খেলোয়াড়ের জন্য ফিটনেসই আসল। ২০১৫ সালে ফিটনেসের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলাম। আমি আর ফিরতে পারিনি দলে। এ সময়ে আমার মা মারা যান। পরিবার নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাই। সেখান থেকেই চিন্তাটা আসে, খেলোয়াড়ি জীবন শেষে যদি কিছু করি ফিটনেস ট্রেইনারই হব।’
খেলোয়াড়ি জীবন শেষ করতে হয়নি, তার আগেই ট্রেইনার হয়ে গেছেন সুলতানা। ১৩ নভেম্বর যখন মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয়, বলছিলেন তাঁর ট্রেইনার হওয়ার গল্প, ‘ট্রেইনার হওয়ার পথে ইফতি ভাই (বিসিবির ট্রেইনার ইফতেখায়রুল ইসলাম) আমাকে অনেক সহায়তা করেছেন, অনুপ্রাণিত করেছেন। বলছিলেন, “আমাদের দেশে যেহেতু নারী ট্রেইনার নেই; তুমি শুরু করলে তোমাকে দেখে আরও অনেকে আগ্রহী হবে।” এভাবে শুরু করা। কদিন আগে অনলাইনে ভারতের একটি ট্রেনিংও করেছি।’
যাত্রাটা শুরু হয়েছে মাত্র, সুলতানার এখনো অনেক পথ বাকি। তাঁর স্বপ্ন একটাই, একদিন কাজ করবেন মেয়েদের জাতীয় দলে, ‘ট্রেইনার হিসেবে আপাতত প্রাথমিক পর্বে আছি, জাতীয় দলে যেহেতু কাজ করার সুযোগ হয়নি। আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু শিখতে পারব। আমার স্বপ্ন ট্রেইনার হিসেবে বাংলাদেশ দলে কাজ করার। একসময় বাংলাদেশ দলে খেলেছি, এখন স্বপ্ন দেখি এই দলের ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ করার।’