নারী চোর সঙ্গে নিয়েও পার পেল না চোরের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহমুক্তভাবে নির্বিঘ্নে গরু চুরির কাজটি সমাধা করতে নারী চোর সঙ্গে নিয়েও পার পেল না চোরের দল। কেইপিজেডের মাঠ থেকে সিএনজিচালিত অটোরিকশা করে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে এক নারীসহ চার গরুচোর। ৭ সেপ্টেম্বর সকালে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের শাহাদত নগর এলাকায় সকালে এ ঘটনা ঘটে। পরে নারী চোর সাজিদাসহ চারজনকে পুলিশে দেওয়া হলে পুলিশ তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়। আটক অন্যরা হলো উপজেলার বন্দর গ্রামের মোহাম্মদ বেলাল (২২), হাটহাজারী সদর ইউনিয়নের জসিম উদ্দিন (২০) ও অটোরিকশাচালক পটিয়ার আশিয়া গ্রামের মো. মনজুর (২৪)।আনোয়ারার ছত্তারহাটের বাসিন্দা সাজিদা বেগম (৫০) গরু চুরির কথা স্বীকার করে বলেন, ‘আমি অটোরিকশায় ছোট আকারের গরু তুলে নিয়ে শান্তিরহাট ও চৌমুহনী বাজার এলাকার কসাইদের হাতে তুলে দিই। গরুপ্রতি চার-পাঁচ শ টাকা পাই।’ কয়েক মাস ধরে এভাবে গরু চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে সাজিদা জানান, তাঁর বিশ্বাস ছিল চুরির সময় মহিলা থাকলে লোকজন সন্দেহ করে না। আটক অন্য চোরেরা জানায়, চুরির কাজে মানুষ যাতে সন্দেহ না করে সে জন্য মহিলা রাখা হয়। বৈরাগ ইউনিয়ন পরিষদের সদস্য মরিয়ম বেগম জানান, মাস খানেকের মধ্যে এলাকা থেকে অন্তত ১৫টি গরু-ছাগল চুরি হয়েছে। গত সপ্তাহে (৭ সেপ্টেম্বর) গরু নিয়ে যাওয়ার সময় জনতা চারজনকে আটক করে। পরে তাদের কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়।