নারী তোমার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টি আয়োজিত অনুষ্ঠানে রমা চৌধুরীকে সম্মাননা জানানো হয়
দৃষ্টি আয়োজিত অনুষ্ঠানে রমা চৌধুরীকে সম্মাননা জানানো হয়

মমতাময়ী, প্রেরণাদাত্রী ও নির্ভরতার আশ্রয় তাঁরা। শুধু ঘরে নয়, কাজের ক্ষেত্রেও প্রমাণ করে চলেছেন নিজেদের সফলতা। কারও সাহায্য নয়, নিজের যোগ্যতায় এখন সমাজে প্রতিষ্ঠিত তাঁরা। চট্টগ্রামের এমন কিছু আলোকিত নারীদের নিয়ে ৮ মার্চ বিশ্ব নারী দিবসে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রাম আয়োজন করে এক অনুষ্ঠান। নারীদের কথামালা আর অনুভূতি নিয়ে এ আয়োজনের শিরোনাম ছিল ‘নারী তোমার জন্য’।
আয়োজনে কথামালা, গান ও নাচের পাশাপাশি ছিল চট্টগ্রামের কৃতী নারীদের সম্মাননা প্রদান। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারী ও দুটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।
আদনান মান্নানের সঞ্চালনায় শুরুতেই মিলি চৌধুরী আবৃত্তি করেন ‘আমি সেই মেয়ে’ কবিতাটি। এরপর বড় পর্দায় ভেসে ওঠে সেই সব নারীদের ছবিসহ জীবনী, যাঁদের হাত ধরে কালের পরিক্রমায় বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। ‘যারা ভোর এনেছিল’ শিরোনামের এ প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে সম্মাননা নেওয়ার জন্য মঞ্চে ডাকা হয় মুক্তিযুদ্ধে সম্ভ্রম ও সন্তানহারা জননী রমা চৌধুরীকে। এ সময় ‘ও আলোর পথযাত্রী/এ যে রাত্রি/ এখানেই থেমো না...’ গানের সঙ্গে মঞ্চে দেখানো হয় রমা চৌধুরীর বিভিন্ন ছবি এবং সেই সঙ্গে পাঠ করা হয় তাঁর জীবনী।
এরপর একে একে চলতে থাকে সম্মাননা প্রদান ও অতিথিদের বক্তব্য। সম্মাননাপ্রাপ্তরা হলেন সাংবাদিকতায় ডেইজি মউদুদ, রত্নগর্ভা সাহেদা বানু ও কামরুন নাহার এবং ক্রীড়ায় বিলকিস রাশেদ। নারীদের নিয়ে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান চট্টগ্রাম লেডিস ক্লাব ও মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ চট্টগ্রামের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদানের ফাঁকে ছিল নানা পরিবেশনা। ‘ফুল ফুটেছে আজ মনের ঘরে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শুভ্রা সেনগুপ্তা ও তাঁর দল। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক থেকে অংশবিশেষ পাঠ করেন শিল্পী শুভ্রা বিশ্বাস। এরপর ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’ সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়। লুৎফর রহমানের রচনায় ‘জাগো নারী জাগো’ বৃন্দ আবৃত্তিতে ছিল বোধন আবৃত্তি পরিষদের পরিবেশনা।