
নগরের মেহেদীবাগের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ক্যাম্পাসে ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজন করা হয় প্রামাণ্যচিত্র প্রদর্শনীর।
গৌতম বোস পরিচলিত কাম উইথ মি শিরোনামের প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য ফাহিমা আজিজ।
এতে বক্তব্য দেন প্রামাণ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান ভারতের কলকাতার অঞ্জলী মানসিক স্বাস্থ্য অধিকার সংস্থার প্রতিষ্ঠাতা রত্নাবলী রায়।
উপাচার্য ফাহিমা আজিজ তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের দেশের নারীরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে। এটা আশাব্যঞ্জক বিষয়।
পাশাপাশি এখনো কোনো কোনো ক্ষেত্রে তাঁরা পিছিয়ে রয়েছেন। এসব নারী যাতে গুণগত উৎকর্ষ লাভের মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারেন, সেই সুযোগ তৈরি করে দিতে হবে।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন রত্নাবলী রায়, এইউডব্লিউর জেন্ডার স্টাডিজের অধ্যাপক ক্লিওনিকি সেরোকা ও মনোবিজ্ঞানী ফারহানা আফরোজ। আলোচনা পর্ব সঞ্চালনায় ছিলেন এইউডব্লিউর শিক্ষার্থী শাকিলা বানো।
প্রামাণ্যচিত্রটি গড়ে ওঠে ভারতের একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের কাহিনি ঘিরে।
এখানে চারজন নারীর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে তুলে ধরা হয়, যাদের পড়াশোনা ও ধর্মীয় পরিচয়ও ভিন্ন। কিন্তু এরা প্রত্যেকেই পারিবারিক নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা নেয়।