নারী দিবসে ফ্যাশন হাউসগুলোর আয়োজন
নারী দিবস উপলক্ষে দেশি ফ্যাশন হাউসগুলো নিয়ে আসে নতুন নতুন কালেকশন। জেনে নেওয়া যাক এবারের কালেকশনের খবর।
কে ক্র্যাফট
নারী দিবসের প্রধান রং বেগুনি সৃজনশীলতা, প্রেরণা, বিশ্বস্ততা, একনিষ্ঠ, গৌরব, আভিজাত্য ও শক্তিকে উপস্থাপন করে। বেগুনি রঙের মাধ্যমে দিনটিতে প্রকাশিত হয় সংহতি ও একাত্মতা।
বেগুনি ছাড়াও ভায়োলেট, ল্যাভেন্ডারসহ নানা রঙের শাড়ি, সালোয়ার–কামিজ, কুর্তি, টিউনিক নিয়ে নারী দিবসের আয়োজন সাজিয়েছে কে ক্র্যাফট। লিনেন, কটন, সিল্ক, হাফসিল্ক, টু–টোন কাপড়ে তৈরি করা হয়েছে পোশাকগুলো। নকশা ফুটিয়ে তুলতে সেখানে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, টাই–ডাই এসব মিডিয়া ব্যবহার করা হয়েছে।
বিশ্বরঙ
নারী দিবস ঘিরে আসা বিশ্বরঙের পোশাকগুলোতেও রাখা হয়েছে বেগুনি রঙের আবেশ। কিছু ক্ষেত্রে বেগুনির সঙ্গে সাদার উপস্থিতি দিয়েছে শুভ্রতার ভিন্নমাত্রা।
পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। বিশ্বরঙের শাড়ি, থ্রি–পিস, পাঞ্জাবি, টি–শার্ট, উত্তরীয়, মগগুলোর অলংকরণ করা হয়েছে জ্যামিতিক নকশার বিভিন্ন নান্দনিক অনুষঙ্গ দিয়ে। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই–ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।
রঙ বাংলাদেশ
নারী দিবস উপলক্ষে ১ থেকে ৮ মার্চ অনলাইন কেনাকাটায় ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় দিচ্ছে রঙ বাংলাদেশ। রঙ বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে পণ্য কিনলে এই বিশেষ ছাড় পাওয়া যাবে। রঙ বাংলাদেশের প্রতিটি আউটলেটে ও অনলাইনে নারীদের জন্য নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার–কামিজ, ওড়না, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ফতুয়া, কুর্তি, ব্লাউজ, মাস্ক, গয়না, মগ ইত্যাদি। এ ছাড়া আরও রয়েছে জুয়েলারি ও নানা রকম উপহারসামগ্রী।