লোহাগাড়া: তিন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতিশ্রুতি
নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রাতিরোধের অঙ্গীকার
নির্বাচিত হলে নারী নির্যাতন বন্ধে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন লোহাগাড়ার নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা। ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত এ পদে প্রার্থী দিয়েছে।
নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত পারভীন আক্তার, বিএনপি-সমর্থিত ফরিদা ইয়াসমিন এবং জামায়াত-সমর্থিত প্রার্থী গুলশান আরা বেগম।
নারী ভাইস চেয়ারম্যানদের সীমিত ক্ষমতার বিষয়টি উল্লেখ করে তিনজন প্রার্থীই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁদের দাবি, নারীদের অগ্রগতিতে ভূমিকা রাখতে হলে নারী ভাইস চেয়ারম্যানদের আরও ক্ষমতা দিতে হবে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাঁরা প্রথম আলোর কাছে এই প্রতিক্রিয়া জানান।
লোহাগাড়া উপজেলার বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ও জামায়াত-সমর্থিত প্রার্থী গুলশান আরা বেগম নির্বাচন করছেন কলসি প্রতীক নিয়ে। তিনি বলেন, ‘গত নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করলেও নির্বাহী ক্ষমতা না থাকায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা আমাদের অবমূল্যায়ন করতেন। কোনো মহিলা নির্যাতিত হলেও পুলিশের সহযোগিতা পাইনি। তাই এ পদে থেকেও এ এলাকায় নারী নির্যাতন প্রতিরোধে ও বাল্যবিবাহ রোধে তেমন কোনো কাজ করতে পারিনি।’
বিএনপি-সমর্থিত প্রার্থী ফরিদা ইয়াসমিন নির্বাচন করছেন হাঁস প্রতীক নিয়ে। তিনি বলেন, নারীর শিক্ষা উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার যে ঘোষণা দিয়েছে তা যেন বাস্তবায়িত হয়।
উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনিও।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পারভীন আক্তার নির্বাচন করছেন প্রজাপতি প্রতীক নিয়ে। তিনি বলেন, ‘এ এলাকায় প্রচুর বাল্যবিবাহ হয় এবং যৌতুকের কারণে নারীরা নির্যাতিত হন। নির্বাচিত হলে এসব বন্ধের উদ্যোগ নিতে চাই। ’