
চলতি বছরের প্রথম ছয় মাসে নারী নির্যাতনের চিত্র উদ্বেগজনক হলেও এ বিষয়ে মামলা দায়েরের সংখ্যা কম। মামলা করার পর পরিস্থিতি আরও খারাপ হবে কি না—এ ভাবনা থেকে অনেকে পিছিয়ে আসছেন।
বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২ হাজার ৫৩৭ জন নারী ও কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ৪৯৯টি ঘটনার মধ্যে গণধর্ষণের শিকার হন ৬৪ জন। বিভিন্ন কারণে ৪০৬ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনেও (জানুয়ারি থেকে জুন) নারী নির্যাতনের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। আসকের প্রতিবেদন অনুযায়ী, অ্যাসিড নিক্ষেপের ১৭টি ঘটনায় মামলা হয়েছে মাত্র ১টি। সালিস ও ফতোয়ার পাঁচটি ঘটনায় মামলা হয়েছে ১টি। গৃহপরিচারিকা নির্যাতনের ৩৬টি ঘটনায় মামলা হয়েছে ১৬টি। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হন ১৪০ জন। কিন্তু মামলা হয়েছে ৫৭টি। পারিবারিক নির্যাতনের ২০৯টি ঘটনায় ৮৮টি মামলা হয়। ছয় মাসে ধর্ষণের শিকার ৩৯৯ জনের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয় ২০ জনকে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন চারজন নারী। সব মিলে মামলা হয়েছে মাত্র ১৭৮টি।
এসব প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাস্তবে নারী নির্যাতনের ঘটনা ঘটে আরও বেশি।
আসকের প্রতিবেদন বলছে, যে পরিমাণে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সে পরিমাণে ভুক্তভোগী নারী ও নারীর পরিবার আইনের আশ্রয় নিচ্ছে না। মামলা দায়েরের সংখ্যা খুব কম।
অ্যাসিড আক্রমণের শিকার হওয়ার পর মামলা করেও সুবিচার পাননি বলে অভিযোগ করেছেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সোনিয়া বেগম। গতকাল সোমবার সোনিয়া প্রথম আলোকে বলেন, ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের কারণে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে গত ৫ জানুয়ারি। সোনিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন ১৫ দিন। তখন বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি প্রচার ও প্রকাশিত হয়। অ্যাসিড অপরাধ দমন আইনের ৫(খ)/৭ ধারায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তিন মাসের মাথায় মামলাটি খারিজ হয়ে যায়।
সোনিয়া অভিযোগ করে বলেন, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় তিনি এ মামলায় সুবিচার পাননি। এখন আসামিপক্ষ বিভিন্নভাবে সোনিয়ার ঘরে হামলা চালাচ্ছে ও হুমকি দিচ্ছে। আর সোনিয়া মামলার সুষ্ঠু বিচার চেয়ে পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্নজনের কাছে লিখিত আবেদন করে চলেছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, একদিকে নারী নির্যাতন বাড়ছে, অন্যদিকে নির্যাতন প্রতিরোধের বিষয়টি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। নির্যাতনের শিকার ব্যক্তির পরিবার মামলা করতে গিয়েও ১০ বার চিন্তাভাবনা করছে। কেননা, কোথাকার পানি কোথায় গড়াবে তা কেউ জানে না। আবার মামলা করার পর বিচারের দীর্ঘসূত্রতায় অনেকে হতাশ হচ্ছেন।
আয়শা খানম বলেন, নারী নির্যাতন প্রতিরোধের পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তির জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারসহ বিভিন্ন সহায়ক ব্যবস্থার সংখ্যা বাড়াতে হবে। মামলার সাক্ষীর সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসনকে শক্তিশালী করার পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।