নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ আগের মতো কেন নেই

একটা সময় ছিল নারীর প্রতি কোনো সহিংসতা হলে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করত সব নারী সংগঠন। একসঙ্গে ঘটনাস্থল থেকে অপরাধীর শাস্তি দাবি করত। ঘটনার ফলোআপ করত। কিন্তু সাম্প্রতিক কিছু নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদের সেই সমবায়ী ধরন আর লক্ষ করা যাচ্ছে না। নিজেরা আলাদা মানববন্ধন করছেন, প্রতিবাদলিপি পাঠাচ্ছেন কিন্তু সংঘবদ্ধ হয়ে ঘটনার প্রতিবাদ, প্রতিরোধ আর তেমন করে হচ্ছে না। কেন এমনটা হচ্ছে, দেশের তিন শীর্ষ নারী সংগঠনপ্রধানের কাছে জানতে চেয়েছিলেন জোহরা শিউলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার নারীদের প্রতিবাদ কর্মসূচিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধেক পথ থেকে ফিরে আসতে হয়

ফওজিয়া মোসলেম

সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ

মহিলা পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটি আগে সব নারী সংগঠনকে একত্রে নিয়েই কাজ করত। যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটত, সামাজিক প্রতিরোধ কমিটির মাধ্যমে আমরা নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়াতাম। সেই ধারা এখন অনেক কমে গেছে। কারণ, নারী নির্যাতনের ধরন ও হার বেড়েছে। আগে নির্যাতনগুলো যে আসলেই নির্যাতন, তা বুঝে উঠতে পারতেন না নারী ও তাঁর পরিবার। এখন সবাই সচেতন হচ্ছেন। ঘটনা ধামাচাপা না দিয়ে বিচারের জন্য সরব হচ্ছেন নারী ও তাঁর অভিভাবকেরা। তাতে আমাদের কাজ করতেও সুবিধা হচ্ছে। বছর ৩০ আগেও দোররা মারা, নারী নির্যাতনের ঘটনাগুলোতে আমরা সম্মিলিত হয়ে এগিয়ে যেতাম। নারী সংগঠন, মানবাধিকার সংগঠনগুলো প্রতিরোধ গড়ে তুলতাম। আইনি পদক্ষেপের প্রতিটি ধাপে থাকতাম।

ফওজিয়া মোসলেম

আগের মতো সবাই একজোট হয়ে কাজ করতে পারছি না, কিন্তু একেবারেই যে করছি না তা কিন্তু নয়। এখনো যেকোনো ঘটনায় আমার বেশ কয়েকটি সংগঠন একসঙ্গেই কাজ করি। সিলেট, নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীদের হয়ে আমরা কয়েকটি প্রতিষ্ঠান সম্মিলিত কাজ করেছি। নারী সংগঠনগুলো এক হয়ে বিচারপ্রক্রিয়ার পুরোটাতেই আসলে থাকতে চায়। কিন্তু একটা সময় নির্যাতনের শিকার নারী কিংবা তার পরিবার সামাজিক চাপে মামলা নিয়ে আর সামনে আগাতে চায় না। এতে করে অপরাধী পার পেয়ে যান। আর এমন ঘটনা ঘটতেই থাকে। সংগঠনগুলোই শুধু সোচ্চার হলে হবে না, এখন সাধারণ মানুষের এগিয়ে যাওয়ার দরকার আছে। তাহলে নারী সংগঠনগুলোর কাজটা বোঝা যাবে। অর্ধেক পথে আমাদের ফিরে আসতে বাধ্য হতে হয় বলে ইতিবাচক কাজগুলো দৃষ্টিগোচর হয় না।

দশের লাঠি একের বোঝা

সালমা আলী

সভাপতি, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি

সালমা আলী

নারীর প্রতি নির্যাতনের ঘটনাগুলোতে নারী সংগঠনগুলো গৎবাঁধা প্রতিবাদলিপি কিংবা মানববন্ধনে আটকে আছে, সবাই সম্মিলিত হয়ে ঘটনা প্রতিরোধের আগের মতো সেই প্রচেষ্টাটা একদম নেই—এটা কিন্তু পুরোপুরি বলা যাবে না। শিশু নির্যাতন, শিশু পাচারের ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান আরও দু-একটি প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে কাজ করছে। মহিলা আইনজীবী সমিতি একা কোনো কাজ করার চেয়ে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কাজ করলে কাজটা সফলভাবে করা যায়। ওই যে বলে না দশের লাঠি একের বোঝা। তেমনভাবে যদি আমরা সম্মিলিত হয়ে কাজ করতে পারি, তাহলে দেশে এমন অনাচার কমবে। একটা সময় মহিলা পরিষদের আয়শা খানম আপা অন্য নারী সংগঠনগুলোকে সঙ্গে নিতেন। আমরা দলবদ্ধ হয়ে কাজ করতাম। সেই ধারাটা আবার ফিরিয়ে আনতে হবে। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এমনকি পারিবারিক নির্যাতনে যখন আমরা আগের মতো জোট বেঁধে কাজ করব, তখন পাশবিক ঘটনাগুলোর হার অনেকটা কমবে।

আদর্শের জায়গায় এক থাকলে সম্মিলিতভাবে কাজ করা যায়

শিরীন হক

নারী আন্দোলনকর্মী ও নারীপক্ষের অন্যতম প্রতিষ্ঠাতা

নারীর ওপর অত্যাচার, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে অনেকেই কাজ করছেন। কাজটি কেবল নারী সংগঠনগুলো করছে না। কাজটি সম্মিলিতভাবেই হতে হবে, আমি তা মনে করি না।

শিরীন হক

প্রথমত ‘শত ফুল ফুটুক’, আমি এ পন্থায় বিশ্বাসী। ১৯৯৭ সালে নারীপক্ষ গড়ে তুলেছিল ‘দূর্বার’, নারী সংগঠনগুলোর জাতীয় নেটওয়ার্ক। দেশব্যাপী তৃণমূল পর্যায়ের ৫৩০টি নারী সংগঠন নিয়ে গড়ে উঠেছিল এ নেটওয়ার্ক। নারীর ওপর সহিংসতা এবং বৈষম্য, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ ও এই সব মোকাবিলায় জনজীবনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য নিবেদিত ছিল এ মঞ্চ। আজ অবধি একসঙ্গে কাজ করে যাচ্ছি আমরা। ঢাকায় এবারও যখন ৪৬টি সংগঠন মিলে আমরা আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করলাম, ঢাকার বাইরে ৬৩ জেলায় একই প্রতিপাদ্য নিয়ে দিনটি উদ্‌যাপন করেছেন ‘দূর্বার’–এর সদস্যরা।

কিন্তু আদর্শগত কারণে সব সময় সবার সঙ্গে কাজ করা সম্ভব হয় না। ২০২০ সালে নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচারের পর দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। সে সময় নতুন প্রজন্মের কিছু নারীর উদ্যোগে আমরা ‘প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী’ ব্যানারে একসঙ্গে প্রতিবাদ করি। অনেক প্রতিবাদে আমরা শামিল হতে পারিনি, তার একটা প্রধান কারণ মৃত্যুদণ্ড। অনেকে মৃত্যুদণ্ড দাবি করেন। আমরা এ দাবির সঙ্গে একমত নই। আইনের প্রয়োজনীয় সংস্কার, যথার্থ ব্যবহার এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান আমাদের আন্দোলনের বিষয়বস্তু। তবে আমরা মনে করি, শুধু আইন-আদালতের মাধ্যমে নারীকে হেয় করা বা অত্যাচার করার সামাজিক-সাংস্কৃতিক প্রবণতা কমবে না। সমূলে এ প্রবণতা উৎপাটন করতে আমাদের মনমানসিকতার মৌলিক পরিবর্তন ঘটাতে কাজ করতে হবে।

আগে নারীর ওপর সহিংসতা, বিশেষত যৌন সহিংসতার ক্ষেত্রে মা-বাবারা চুপ থাকতে বলতেন। সমাজে হেয় হওয়ার ভয়ে তাঁরা চাইতেন না যে ঘটনাটি জানাজানি হোক। এ কারণে অনেক ঘটনা আমাদের গোচরে আসত না। কিন্তু এখন যেকোনো ধরনের সহিংসতার শিকার নারী ও তাঁর পরিবার ঘটনার বিচার চায়। এটা এক বিশাল অগ্রগতি।

কিন্তু অভিযোগ দায়ের থেকে শুরু করে তদন্ত ও আইনি প্রক্রিয়া—কোনোটাই সাধারণ মানুষের জন্য সহজ নয়। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অনেক কাজ করার আছে। ধর্ষণ আইন সংস্কারের জন্য ব্লাস্টের নেতৃত্বে আমরা ১৭টি সংগঠন সুচিন্তিত ১০টি দাবি নিয়ে একত্র হয়েছি। পরিবর্তনের জন্য জোরালো বা সম্মিলিত দাবি যথেষ্ট নয়। রাষ্ট্র কি প্রস্তুত আমাদের দাবিগুলো শোনার জন্য?