নারী নীতিমালা কোনো আইন নয়: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার নারী নীতিমালা প্রকাশ করেছে। এটা একটা নীতিমালা, কোনো আইন নয়। নীতিমালায় সম্পত্তিতে নারীর প্রাপ্ত উত্তরাধিকার নিয়ে কিছু বলা নেই। সেখানে বলা আছে—নারী সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। যাঁরা নারী নিয়ে রাজনীতি করেন, প্রগতির কথা বলেন, তাঁদের অনেককেই নারীনীতির পক্ষে দাঁড়াতে দেখা যায় না। আমরা সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানাই। সমালোচনা যখন একমুখো ও মধ্যযুগীয় কায়দায় হয়, তখন সবাইকে মিলে দেশের স্বার্থে এ ধরনের সমালোচনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দিনবদল কোনো দল কিংবা সরকারের একার পক্ষে সম্ভব নয়। দিনবদল করতে হলে প্রথমে আমাদেরই বদলাতে হবে।’গত শনিবার বিকেলে ফেনীর জায়লস্কর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইফতেখার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোহাম্মদ বদিউজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও দ্য ডেইলি নিউ এজ সম্পাদক নূরুল কবির। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শুভাশীষ বোস, জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স আপিলাত ট্রাইব্যুনালের সদস্য জিয়া উদ্দিন মাহমুদ ও চৌধুরী আমির হোসেন, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলিম আখতার খান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ঢাকার ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি মোতাহের হোসেন, প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার টিপু সুলতান।স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময় সংবাদ টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম। সকালে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম, পৌরসভার মেয়র ওমর ফারুক খান। অনুষ্ঠানে স্থানীয় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।