নারী নীতিমালা কোরআনবিরোধী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নীতিমালায় মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কিছুই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে নারীনীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। কিন্তু জামায়াত-বিএনপি জোট আমিনীকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। লোহাগাড়া উপজেলার মোস্তফা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সম্প্রতি অনুষ্ঠিত মা সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিক উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার দায়িত্বপ্রাপ্ত সাংসদ চেমন আরা তৈয়ব। বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, মাধ্যমিক শিক্ষার প্রকল্প পরিচালক আফজল হোসেন, নিবাস দাশ সাগর, মো. আবছার, আব্দুল খালেক, ফতেহুল কবির প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও ইভ টিজিং প্রতিরোধে মা-বাবাদের এগিয়ে আসতে হবে। সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। অনুষ্ঠানে তিন শ শিক্ষার্থীর মা উপস্থিত ছিলেন। মরিয়ম বেগম, হাছিনা আক্তার, আয়েশা আক্তারসহ কয়েকজন মা জানান, এর আগে তাঁরা সন্তানদের খোঁজ নিতে কোনোদিন বিদ্যালয়ে আসেননি। মা সমাবেশে এসে সন্তানদের মানুষ করার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিক্ষক মোহাম্মদ হোসেন।