নারী নেতৃত্বেও টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের রাজনীতিতেও চলছে টানাপোড়েন। নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের নেতৃত্ব নিয়ে অনেকে অনাস্থা প্রকাশ করলেও সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়েনি। তবে নগরের চেয়ে উত্তর ও দক্ষিণ জেলার অবস্থা অনেক সংহত বলে জানান সংশ্লিষ্ট নেত্রীরা। এদিকে, দলীয় নয় ব্যক্তিগত কোন্দল নিয়েই মাথাব্যথা জাতীয়তাবাদী মহিলা দলের। আর মহিলা জাতীয় পার্টিতে সমস্যা জাতীয় পার্টির নেতাদের হস্তক্ষেপ।জাতীয় ও দলীয় নানা কর্মসূচি নিয়ে মাঠে আছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ। সাংগঠনিক কার্যক্রমে গতি থাকায় দলের বর্তমান অবস্থান নিয়ে নেত্রীরা সন্তুষ্ট। কিন্তু নগর মহিলা আওয়ামী লীগে অসন্তোষ ক্রমেই দানা বাঁধছে। নগর সভানেত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক জেষ্ঠ্য নেত্রী। জাতীয় সংসদে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করছেন দুজন। এর মধ্যে মেহজাবিন মোরশেদ জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি। মেহজাবিনের কথা রাজনীতিতে নারীদের অবস্থান এখনো নড়বড়ে, তাঁদের প্রাপ্য অধিকার দেওয়া হয় না। এসব কারণে গৃহদাহ হয়। জাতীয় পার্টির নেতাদের কারণে কোন্দল হচ্ছে মহিলা জাতীয় পার্টিতে—এমন অভিযোগ করলেন কয়েকজন নেত্রী। তাঁদের কথা জাতীয় পার্টির চট্টগ্রাম নগর আহ্বায়ক সোলায়মান আলম শেঠের সঙ্গে মতের মিল না হওয়ায় মহিলা জাতীয় পার্টির নগর শাখার সভানেত্রী জেসমিনা খানম পদত্যাগ করেছেন। তিনি দলই ছেড়ে দিয়েছেন। এদিকে, দলীয় কোন্দল না থাকলেও নেত্রীদের মধ্যে ব্যক্তিগত কোন্দল আছে নগর মহিলা দলে। এর প্রভাব দলে পড়ছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট লোকজন। এরপরও অঙ্গসংগঠন হিসেবে ভালোই ভূমিকা রাখছে নারী রাজনৈতিক সংগঠনগুলো—এমনই বললেন বিভিন্ন দলের কর্মীরা।মহিলা আওয়ামী লীগ কাজের সুবিধার জন্য দলকে উত্তর, দক্ষিণ ও নগর—তিন ভাগ করা হয়েছে। তবে তিন সংগঠনই নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে ঐক্যের মাধ্যমে কাজ করেন বলে জানান দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নান। তিনি বলেন, ‘চট্টগ্রামের মহিলা কর্মীরা আগের চেয়ে অনেক সক্রিয়। বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেমন তাঁরা অগ্রগামী তেমনি এগিয়ে যাচ্ছেন রাজনীতিতেও।’ একই সুরে কথা বললেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেমন আরা তৈয়ব। তিনি জানান, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের কথা বলেন। নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন কর্মকাণ্ড সম্ভব নয়। মহিলা আওয়ামী লীগের সদস্যরা তা মনে করিয়ে দিচ্ছেন।’ চট্টগ্রাম রক্ষণশীল এলাকা হলেও নারীরা এখন রাজনীতিতে শ্রেষ্ঠ সময় পার করছেন বলে দাবি করেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা রিফাত আকতার। তিনি বলেন, ‘নেত্রীদের কর্মকাণ্ড শুধু শহরেই সীমাবদ্ধ নেই, গ্রামগঞ্জে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছেন। সমাজের নানা অসংগতি রোধে কাজ করছেন।’উত্তর ও দক্ষিণের অবস্থা সন্তোষজনক হলেও নগরে সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে বলে জানান অনেকে। নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্ত বলেন, ‘নিলুফার কায়সারের সময়ে মহিলা আওয়ামী লীগের অবস্থা বেশ ভালো ছিল। বর্তমানে রাজনীতিতে নোংরামি ঢুকে গেছে। দলের নীতি ও আদর্শ থেকে নেত্রীরা সরে যাচ্ছেন।’তিনি আরও বলেন, ‘এখন মেধা ও যোগ্যতার কোনো মূল্যায়ন হচ্ছে না। এ অবস্থা পরিবর্তনের জন্য সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করা দরকার। দায়িত্ব নেওয়ার মতো যোগ্য লোক আছে। দলকে রক্ষা করতে তাঁদের এগিয়ে আসতে হবে।’ জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে থেকে সামনে এগিয়ে যাচ্ছে। তবে মহিলা জাতীয় পার্টির অবস্থা বেশ নড়বড়ে বলে জানান সংসদ সদস্য মেহজাবিন মোরশেদ। তিনি বলেন, ‘সম-অধিকার দূরের কথা, নারীদের অবমূল্যায়ন হচ্ছে। চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে সংসদে শুধু বক্তব্য দিতে পারি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো পাচ্ছি না। চট্টগ্রামের সংগঠনেও এমনটি হতে পারে। রাজনীতির স্থবিরতা দূর করতে হবে। নারীদের মূল্যায়ন করতে হবে।’ তিনি নারীদের কর্মসংস্থানের পাশাপাশি কারিগরি শিক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিতে চান। মহিলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জেসমিনা খানম বলেন, ‘রাজনীতিতে নারীদের এখনো ভালো চোখে দেখা হয় না। মাত্র ২০ শতাংশ নারী রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত আছেন। বাকিরা জড়িত না হলেও আমাদের কাজের ফলে উপকৃত হচ্ছেন।’ দলের জেষ্ঠ্য নেতাদের সঙ্গে মতের মিল না হওয়ায় তিনি পদত্যাগ করেছেন এবং বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলে পদের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীরা অনেক সমস্যা নিয়ে রাজনীতিতে টিকে আছেন বলে জানান নগর মহিলা দলের সহসভাপতি হাসমত আরা বেগম। তিনি বলেন, ‘বিরোধী দল হওয়ায় এমনিতে নানা সমস্যার মুখোমুখি হই আমরা। নারী বলে পদে পদে বাধার সম্মুখীন হই। এর মধ্যে দিয়েও দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র ঋণ প্রকল্প চালুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন নারী কর্মীরা।’ ব্যক্তিগত বিরোধ আছে তবে দলীয় কোন্দল নেই বলে তিনি দাবি করেন।২০০১ সালে সাংগঠনিক সম্পাদক ছিলেন নার্গিস আকতার। ২০০৭ সালে উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ পেয়ে দলকে নতুন করে সাজানোর চেষ্টা শুরু করেছিলেন। তিনি বলেন, ‘মূল দলের কাছ থেকেই আদেশ আসে। আমি খালেদা জিয়ার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে সোচ্চার হয়ে কাজ করি। বর্তমানে দলের সার্বিক পরিস্থিতি খুবই ভালো, আমাদের দলে কোন্দল কখনো ছিল না, এখনো নেই।’