নারী বেশি সাবধানী
পুরুষের চেয়ে নারী পাঁচ গুণ বেশি সাবধানী চালক। নতুন এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। গতিসীমার বিধি লঙ্ঘন, হঠাৎ ব্রেক করা, রাতে বা অন্ধকারে গাড়ি চালানোর ওপর ভিত্তি করে এই গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক।গবেষক দল ১৯ হাজার মোটরযানের ব্ল্যাকবক্স নিয়ে এ গবেষণাটি করেন। ব্ল্যাকবক্স গাড়ির এমন একটি যন্ত্রাংশ, যেখানে এর সব তথ্য সংরক্ষিত থাকে। দেখা গেছে, গাড়িগুলো প্রায় চার কোটি বার ব্যবহার করা হয়েছে এবং অতিক্রম করেছে প্রায় ১৫ কোটি ৪০ লাখ মাইল। এই গাড়িগুলোর অর্ধেকের চালক নারী, বাকি অর্ধেক পুরুষ। গবেষকেরা নারী ও পুরুষের গাড়ি চালানো গবেষণা করে দেখেন, নারী চালকেরা রাতে গাড়ি চালান পুরুষদের চেয়ে ২৮ শতাংশ কম, ১২ শতাংশ কম নিরাপত্তা গতিসীমা বিধি লঙ্ঘন করেন এবং হঠাৎ ব্রেক করেন ১১ শতাংশ কম। যুক্তরাজ্যের পোর্টসমাউত-ভিত্তিক যানবাহনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘ওনেলি’ এ গবেষণাটি পরিচালনা করে। ডেইলিএক্সপ্রেস।