নারী যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের গণপরিবহনে প্রতিদিন নানা ভোগান্তিতে নাকাল হচ্ছে নারী যাত্রীরা। গাড়িতে নারীদের জন্য মাত্র দুই থেকে ১১টি আসন সংরক্ষিত থাকে। কিন্তু তাতে পুরুষ যাত্রীরা বসে থাকেন। তা ছাড়া গাড়িচালক ও সহযোগীরা (হেলপার, কন্ডাক্টর) প্রায় সময় গাড়িতে তুলতে চান না নারীদের। ভুক্তভোগী কয়েকজন নারী যাত্রী জানান, পুরুষ যাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা ও ধাক্কাধাক্কি করে গাড়িতে উঠতে হয়। প্রচণ্ড ভিড় ও চাপের মধ্যে দাঁড়িয়ে গন্তব্যস্থলে যেতে হয়, হঠাৎ গাড়ি থামালে (ব্রেক করলে) হুমড়ি খেয়ে পড়া আর বখাটেদের বাজে মন্তব্য তো আছে। নগরের বহদ্দারহাট, বহদ্দারহাট বাসটার্মিনাল, সিঅ্যান্ডবি, মুরাদপুর, চকবাজার, জিইসি মোড়, দুই নম্বর গেটে সরেজমিনে দেখা গেছে এমনি দুর্ভোগের নানা চিত্র। গত বুধবার দুপুর বহদ্দারহাট মোড়ে (উত্তর পাশে) বাস বা ছোট বাসের জন্য অপেক্ষা করছিলেন ৩০-৩৫ জন পুরুষ ও ১২-১৩ জন নারী যাত্রী। তিন-চার মিনিটের ব্যবধানে গাড়ি আসলেই হুমড়ি খেয়ে পড়ছিলেন অপেক্ষারত যাত্রীরা। প্রায় ২০ মিনিটে দুই দিক (নিউমার্কেট ও কালুরঘাট) থেকে আসা আটটি বাস-ছোট বাসে ঠেলাঠেলি করে মাত্র একজন নারী যাত্রী ওঠার সুযোগ পান। অপেক্ষারত যাত্রীদের একজন স্বপ্না আকতার। তিনি প্রতিদিন বহদ্দারহাট থেকে কালুরঘাটে যাতায়াত করেন। তিনি বলেন, ‘আমি আধঘণ্টা ধরে অপেক্ষা করছি। বাসে যাত্রীরা বাদুরঝোলা হয়ে আসছেন তাই ঠেলাঠেলি করেও উঠতে পারিনি। প্রায় দিনই দাঁড়িয়ে যেতে হয়।’নারী পোশাকশ্রমিকদের সপ্তাহে ছয় দিন সকাল ও সন্ধ্যায় কর্মস্থল ও বাসায় যাতায়াত করতে হয়। অনেক কারখানায় ভাড়ায়চালিত পরিবহন থাকলেও প্রায় অর্ধেক নারী শ্রমিকই গণপরিবহনের জাঁতাকলে পিষ্ট হচ্ছেন বলে জানা গেছে। কালুরঘাট ভারী শিল্প এলাকার শাহ আমানত চট্টগ্রাম টেক্সটাইল মিলস লিমিটেডের সেলাই শাখার কর্মচারী কুলছুমা আকতার বলেন, ‘আমরা অর্ধেকের বেশি কর্মচারী কার্যালয়ের গাড়িতে যাওয়া-আসা করতে পারি। তবে সকাল সাতটায় এসে গাড়ির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়, এ সময় বখাটের অশ্লীল মন্তব্য শুনতে হয়।’ এ প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসনিক বিভাগের প্রধান সোহেল রানা কর্মচারীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ৩০০ কর্মচারীর মধ্যে ২৫০ জনই নারী। তাঁদের জন্য প্রতিষ্ঠানের চারটি বাস যথেষ্ট নয়।’বেপজার সাবেক মহাপরিচালক আতাউল হক বলেন, ‘বেপজার দেড় লাখ কর্মীর ৭০ ভাগই নারী। তাঁদের অর্ধেকই নিজ নিজ প্রতিষ্ঠানের যাতায়াত সুবিধা পান। বাকিরা দুর্ভোগকে নিত্যসঙ্গী করে চাকরি করে যাচ্ছেন।’ নগরের বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁদের মায়েরাও যাতায়াতে দুর্ভোগে পড়েন। জিইসি মোড়ে গাড়ির জন্য অপেক্ষারত চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী মরিয়ম বেগম বলেন, ‘আমাকে প্রতিদিন তিনটি গাড়ি বদল করে কলেজে আসতে হয়। চালক ও সহযোগী ভালো হলে মহিলা আসন থেকে পুরুষ যাত্রীদের তুলে দিয়ে বসতে দেন। পুরুষ ও নারী যাত্রী ঠেলাঠেলি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলেই আমরা বেশি দুর্ভোগ পোহাচ্ছি। সব গাড়িতে পুরুষ ও মহিলা যাত্রীরা আলাদা লাইন করে সুশৃঙ্খলভাবে গাড়িতে উঠলে সমস্যা অনেকটা কমবে।’ হাজেরা তুজ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. দবির উদ্দিন খান জানান, ‘আমার কলেজে সাড়ে চার হাজার শিক্ষার্থীর অর্ধেক মেয়ে। এর মধ্যে দেড় হাজার ছাত্রীই গণপরিবহনে যাতায়াত করে। যাতায়াত ভোগান্তির কারণে অনেক ছাত্রীর কলেজে আসতে দেরি হয়।’ প্রয়োজনের তুলনায় গণপরিবহনে নিয়োজিত গাড়ির সংখ্যা কম হওয়ায় এ সমস্যা দিন দিন বাড়ছে—এমনটাই মনে করেন দুই নম্বর রুটে কালুরঘাট থেকে নিউমার্কেটগামী বাসের (চট্টমেট্রো চ-৩৩) চালক মো. সবুজ। তিনি বলেন, ‘আমার গাড়িতে ১১টি মহিলা আসন, বাকি ৪০টা পুরুষের। আমি প্রতিদিন আটবার যাওয়া-আসা করি। গাড়ি কম হওয়ায় প্রত্যেকবার সংরক্ষিত আসনগুলো মেয়েদের দেওয়া যায় না। পুরুষ যাত্রীদের সঙ্গে ঝগড়াও হয়।’ চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষিকা পুণম বললেন, ‘পুরুষ যাত্রীরা এগিয়ে না আসলে নারী যাত্রীদের দুর্ভোগ কমবে না। আমরা সুস্থ ও স্বাভাবিক পরিবহনব্যবস্থা চাই।’ বহদ্দারহাট মোড় থেকে নতুন ব্রিজ লাইনের ভাসপা গাড়ির (টেম্পো) চালক মো. সোহেল বলেন, ‘এ গাড়িগুলোতে তিনটি আসন মেয়েদের জন্য সংরক্ষিত। কিন্তু আগেভাগে পুরুষ যাত্রী উঠে বসে গেলে তখন মেয়েদের তোলা যায় না।’ ১ নম্বর লাইনের ছোট বাস রেঞ্জারচালক মো. মিলনের সঙ্গে কথা হয় চকবাজার মোড়ে। তিনি বললেন, ‘আমার গাড়িতে মাত্র দুটি আসন আছে মহিলার জন্য। গাড়ি নিচু ও ছোট হওয়ায় বেশি মহিলা তোলা যায় না।’