নারী যেখানে সমাজের প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের নিজের অধিকার সম্পর্কে ধারণা দিচ্ছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা মৌজার হেডম্যান জয়া ত্রিপুরা। ছবিটি ৯ অক্টোবর রাঙামাটি শহরের একটি মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের নিজের অধিকার সম্পর্কে ধারণা দিচ্ছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা মৌজার হেডম্যান জয়া ত্রিপুরা। ছবিটি ৯ অক্টোবর রাঙামাটি শহরের একটি মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো

পাহাড়ি গ্রামের বাড়ির উঠানে সালিস অনুষ্ঠিত হচ্ছে। মীমাংসাপ্রার্থী দুই পক্ষ সারি করে বসেছে দুই পাশে। তাদের মাঝে বসেছেন যিনি, তিনি একজন নারী। সেই নারী দুই পক্ষের কথা শুনে শেষে রায় দিলেন। বিচার মেনে নিয়ে সন্তুষ্ট হয়ে যে যাঁর বাড়ি ফিরে গেলেন। একসময় কল্পনা করা না গেলেও এখন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গেলে এমন দৃশ্য চোখে পড়বে। মৌজাপ্রধান ‘হেডম্যান’ ও গ্রামপ্রধান ‘কার্বারি’ পদে পুরুষের পাশাপাশি নারীরা নিয়োগ পাওয়ায় পাহাড়ি সমাজে এমন পরিবর্তন ঘটছে।
পার্বত্য চট্টগ্রামে সামাজিক শৃঙ্খলা রক্ষা, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা এবং ছোটখাটো ভূমির বিরোধ নিষ্পত্তি হয় প্রথাগত আইনের মাধ্যমে। পার্বত্য এলাকায় প্রথাগত সমাজের সর্বোচ্চ পদে আছেন সার্কেলপ্রধান বা রাজা। তাঁদের অধীনে মৌজাপ্রধান—হেডম্যান ও গ্রামপ্রধান—কার্বারিরা প্রথাগত আইনে বিচার ও সালিস পরিচালনা করেন। প্রথাগত এই বিচারপ্রক্রিয়া সরকারিভাবে স্বীকৃত। সামাজিক বিরোধ নিষ্পত্তি ছাড়াও সরকারের পক্ষে ভূমি ও জুমের খাজনা আদায়, মৌজা বন ও ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় বাসিন্দার সনদপত্র প্রদান করতে হয় হেডম্যানদের। ছোট পরিসরে একই ধরনের কাজ করেন কার্বারিরাও।
পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের হিসাব মতে, তিন সার্কেলে ৩৮৮টি হেডম্যান পদের বিপরীতে নারী হেডম্যান রয়েছেন ১২ জন। আর কয়েক হাজার কার্বারি পদের বিপরীতে আছেন ১৯৯ জন নারী। এর মধ্যে চাকমা সার্কেলে নারী হেডম্যান ৬ জন ও কার্বারি আছেন ১৭৭ জন। মং সার্কেলে নারী হেডম্যান ৩ জন ও কার্বারি ২১ জন এবং বোমাং সার্কেলে নারী হেডম্যান রয়েছেন ৩ জন ও কার্বারি ১ জন।
পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা বলেন, একসময় সামাজিক বিচারে কিছু কিছু ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হতেন। এখন সে অবস্থার পরিবর্তন হচ্ছে। সামাজিক ও পারিবারিক সমস্যা নিরসনে নারী কার্বারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁরা নারী হওয়ায় নারীদের সমস্যা বুঝতে পারছেন দ্রুত।
এ ছাড়া তৃণমূলের নারীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক সভাও করেন নারী হেডম্যান ও কার্বারিরা। বিভিন্ন সংস্থা নারী হেডম্যান ও কার্বারিদের উন্নয়নকাজেও যুক্ত করছে বলে শান্তি বিজয় চাকমা জানান।
গত ১৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা মৌজায় গিয়ে দেখা যায়, হেডম্যান জয়া ত্রিপুরা উচ্চমাধ্যমিক পাস করা দুই ছাত্রকে স্থায়ী বাসিন্দার সনদ দিচ্ছেন। তিনি বলেন, একজন হেডম্যান হিসেবে তাঁকে ভূমি ব্যবস্থাপনা, খাজনা আদায় এবং জমিজমা ক্রয়-বিক্রয়ের তদন্তকাজ ছাড়াও সামাজিক বিচার ও সালিস করতে হয়।
পানছড়ি উপজেলা সদর ইউনিয়নের চৌধুরীপাড়ায় গিয়ে দেখা যায়, পাড়ার কার্বারি নিউক্রাই চৌধুরী তাঁর বাড়ির উঠানে সালিস করছেন। পারিবারিক সমস্যা সমাধানের জন্য আয়োজিত এই সালিসে তিনি ছিলেন প্রধান বিচারক। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষ। প্রায় দেড় ঘণ্টা সালিস শেষে নিউক্রাই চৌধুরী রায় ঘোষণা করেন। তাতে উভয় পক্ষই সন্তুষ্ট বলে জানান।
কার্বারি নিউক্রাই চৌধুরী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিচারিক কাজে তেমন কোনো অসুবিধায় পড়তে হয়নি। তিনি জানান, যেকোনো প্রয়োজনে গ্রামের বেশির ভাগ মানুষ তাঁর কাছে পরামর্শ নিতে আসেন। এ ছাড়া তাঁকে গ্রামের সার্বিক বিষয় তদারক করতে হয়। মাঝেমধ্যে পাশের গ্রামগুলোতেও বিচার পরিচালনার জন্য যেতে হয়।
নারী হেডম্যান ও কার্বারিদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বেসরকারি সংস্থাও কাজ করছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম অন্যতম। এ সংস্থার কর্মসূচি সহকারী প্রিয়াঙ্কা তঞ্চঙ্গ্যা বলেন, সংস্থার পক্ষ থেকে নারী হেডম্যান ও
কার্বারিদের দক্ষতা উন্নয়ন, দ্বন্দ্ব নিরসন ও নির্বাচনী সহিংসতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া নারীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয় বলে তিনি জানান।