ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় প্রায় ১৩ বছর কাজ করেছেন মোছা. হেনা আক্তার। এ বছর ঈদুল আজহার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আট দিন পর কাজে যোগ দিতে গেলে তাঁকে বের করে দেয় কর্তৃপক্ষ। তারপর তিন মাস বসে থেকে চলতি মাসে অন্য একটি কারখানায় যোগ দেন হেনা।
আগের কারখানায় হেনা আক্তার মাসে ১০ হাজার ৩০০ টাকা পেতেন। বর্তমান কারখানায় পান ৯ হাজার টাকা। ১৮ নভেম্বর দুপুরে মুঠোফোনে আলাপের সময় তিনি বলছিলেন, ‘এক মেয়ে নিয়ে আমার সংসার। স্বামী আবার বিয়ে করেছে। বসে থাকলে কে খাওয়াবে। তাই কম মজুরিতেই যোগ দিয়েছি। আগের কারখানা কোনো ক্ষতিপূরণ দেয়নি।’
হেনা আক্তার নতুন চাকরি পেলেও কারখানাটির চাকরিচ্যুত অনেকেই এখনো বেকার। যেমন জামগড়ার একটি কারখানায় অপারেটর পদে কাজ করতেন সোহেলী কাজল। মাসিক বেতন ছিল ১০ হাজার ৪৮০ টাকা। গত বছর মৃত সন্তান জন্ম দেন সোহেলী। শারীরিক জটিলতার কারণে চিকিৎসকের পরামর্শে চলতি বছর আবার গর্ভধারণ করেন তিনি। সে অবস্থায় সেপ্টেম্বর মাসে কারখানায় কাজ করতে গিয়ে দুই দিন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে দুই দিন ছুটি কাটান সোহেলী। তারপর কাজে যোগ দিতে গেলে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
সোহেলী কাজল বলেন, ‘গত বছর সন্তান জন্মের কারণে ৫৬ দিন ছুটি পেয়েছিলাম। কিন্তু কোনো বেতন পাইনি। ৩১ সেপ্টেম্বর যখন আমাকে ছাঁটাই করে, তখন বকেয়া বেতন ও ক্ষতিপূরণ হিসেবে ২৪ হাজার টাকা দেয়। ক্ষতিপূরণের বাকি টাকা চেয়ে মোবাইলে ফোন করলে কারখানার লোকজন ধরে না। এ অবস্থায় নতুন করে চাকরিও পাচ্ছি না।’
সোহেলী কাজলের স্বামীও পোশাক কারখানায় কাজ করেন। মাস শেষে তাঁর বেতন ১০-১১ হাজার টাকা। তার মধ্যে বাড়িভাড়া দিতেই চলে যায় তিন হাজার। সোহেলী কাজল বলেন, ‘আমি যখন কাজ করতাম, তখন দুজনের মোট আয় ছিল ২০-২২ হাজার টাকা। শ্বশুর-শাশুড়ির জন্য পাঠাতাম হাজার ছয়েক টাকা। আমার মাকে পাঠাতাম দেড় হাজার। সব বন্ধ হয়ে গেছে। আমি অসুস্থ থাকায় চিকিৎসকের পেছনে যাচ্ছে অনেক টাকা। খুব কষ্টে আছি, ভাই।’
ছাঁটাইয়ের শিকার অনেকেই
করোনাকালে এভাবে নানা অজুহাতে পোশাক খাতের হাজার হাজার শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন। তার মধ্যে একটি বড় অংশই নারী। ছাঁটাই হওয়া শ্রমিকের অনেকে আবার ক্ষতিপূরণের অর্থ বুঝে পাননি।
জানা যায়, করোনার কারণে ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হওয়ার জেরে গত এপ্রিল থেকে পোশাকশিল্পে ছাঁটাই শুরু হয়। শ্রম মন্ত্রণালয় ঈদুল ফিতরের আগে শ্রমিক ছাঁটাই না করতে অনুরোধ করেছিল। ওই এপ্রিলেই কারখানা বন্ধের সময় ৬৫ শতাংশ মজুরি দেওয়ার বিষয়ে শ্রমিকনেতাদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পোশাকশিল্পের মালিকেরা প্রতিশ্রুতি দেন যে ঈদের আগে শ্রমিক ছাঁটাই হবে না। এমনকি ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনরায় নিয়োগ দেওয়ার আশ্বাস দেন তাঁরা। তাতে খুব একটা কাজ হয়নি। ছাঁটাই হওয়া শ্রমিকদের মধ্যে অল্পসংখ্যককে পুনর্বহাল করা হয়। এরপর নিয়মিতভাবেই শ্রমিক ছাঁটাই করছে বিভিন্ন পোশাক কারখানা।
নারী শ্রমিকেরা অবিচারের বেশি শিকার
করোনাকালে কত শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন, তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। গত মাসে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক এক ভার্চ্যুয়াল সভায় জানান, ১০৬ কারখানার ৭০ হাজার পোশাকশ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন। অন্যদিকে শ্রমিকনেতারা ছাঁটাইয়ের সংখ্যাটি কয়েক গুণ বেশি বলে দাবি করলেও তার সপক্ষে তথ্যপ্রমাণ দেখাতে পারেন না।
শ্রমিকনেতা বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, করোনাকালে নারী শ্রমিকদের ওপরই বেশি অন্যায়-অবিচার হয়েছে। ৪০-এর বেশি বয়সী নারীদের নানা ছুতোয় ছাঁটাই করা হয়েছে। কারখানার দিবাযত্নকেন্দ্র বন্ধ হওয়ায় অনেক নারী চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকা নারীদের কাজে যোগ দিতে দেওয়া হয়নি। আবার যাঁরা মাতৃত্বকালীন ছুটিতে যাবেন, তাঁদের অনেককে বাদ দেওয়া হয়েছে। ক্ষেত্রবিশেষে মাতৃত্বকালীন ১৬ সপ্তাহ বা ১১২ দিনের মধ্যে অর্ধেক দিনের ছুটি দিলেও আর্থিক সুবিধা দেওয়া হয়নি।
বাবুল আক্তার অভিযোগ করে বলেন, চাকরির বয়স এক বছরের কম, এমন শ্রমিকদের ছাঁটাই করলে কোনো ক্ষতিপূরণ দিতে হয় না। সে কারণে করোনার শুরুতে তাঁদের বেশি ছাঁটাই করা হয়। পরবর্তী সময়ে পুরোনো কর্মীদেরও ছাঁটাই করেন মালিকেরা। অনেক ক্ষেত্রেই ছাঁটাই হওয়া শ্রমিকেরা ন্যায্য পাওনা বুঝে পাননি।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম অবশ্য বলছেন অন্য কথা। প্রথম আলোকে তিনি বলেন, ‘গর্ভবর্তী শ্রমিকদের ছাঁটাইয়ের অভিযোগ বানোয়াট। ছাঁটাই হওয়া শ্রমিকদের ক্ষতিপূরণ না দেওয়ার বিষয়টিও ভিত্তিহীন। কোনো শ্রমিকের সঙ্গে আমাদের সদস্য কারখানা আইনের বাইরে কিছু করলে আমাদের কাছে লিখিত অভিযোগ করতে পারে। তদন্ত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।’
রপ্তানি পরিস্থিতির উন্নতি, শ্রমিকেরা নন
এদিকে করোনার ধাক্কা সামলে তৈরি পোশাক রপ্তানি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। জুনে শেষ হওয়া অর্থবছরে পোশাকের রপ্তানি কমেছিল ১৮ শতাংশ। তবে চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে ১ হাজার ৪৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২০ শতাংশ কম।
রপ্তানি পরিস্থিতি ঘুরে দাঁড়ালেও পোশাকশ্রমিকেরা কষ্টেই আছেন। অথচ কাজ হারানো পোশাকশ্রমিকদের ৩ হাজার করে ৩ মাসে ৯ হাজার টাকা সহায়তা দেওয়ার জন্য হাজার কোটি টাকার তহবিল পড়ে আছে। গত মাসে একটি নীতিমালাও করেছে সরকার। তবে মালিকপক্ষের গড়িমসির কারণে একজন শ্রমিকও অর্থসহায়তা পাননি।
নীতিমালা অনুযায়ী অর্থসহায়তা দিতে যোগ্য শ্রমিকদের একটি তালিকা করতে হবে। সেই তালিকা তৈরির প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট কারখানার পাশাপাশি চারটি ব্যবসায়ী সংগঠনের। তার মধ্যে বিজিএমইএর কয়েকটি সদস্য কারখানা তালিকা দিলেও বিকেএমইএ এখনো দেয়নি। আবার বিজিএমইএ যে তালিকা দিয়েছে, সেটি ত্রুটিপূর্ণ। ফলে আদৌ শ্রমিকেরা কোনো সহায়তা পাবেন কি না, সেটি নিয়ে শঙ্কা রয়েছে।
বিজিএমইএর যুগ্ম সচিব এ কে এম মামুনূর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সদস্য কারখানাগুলোকে ছাঁটাই হওয়া শ্রমিকের তালিকা পাঠাতে নোটিশ দিয়েছি। ইতিমধ্যে কয়েকটি কারখানা দিয়েছে।’ অন্যদিকে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আমরা তালিকা কোথা থেকে দেব। ছাঁটাই হওয়া শ্রমিকেরা আবার যে কাজে যোগ দেননি, সেটি কীভাবে নিশ্চিত হব। আমাদের তো কোনো তথ্যভান্ডার নেই।’
উদ্যোক্তারা যেহেতু তালিকা দিতে আগ্রহ দেখাচ্ছেন না, সেহেতু বিকল্প পন্থা হিসেবে সহায়তা পেতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সর্বশেষ কর্মক্ষেত্রের পরিচয়পত্রসহ সরাসরি আবেদন করার সুযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি প্রথম আলোকে বলেন, শ্রমিকদের আবেদন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম দপ্তর যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে সহায়তা দেওয়া সম্ভব।