নারীকে অর্থনৈতিক নির্যাতন আর নয়

ফরিদপুরের সৈয়দা রহিমা খাতুনের (৫০) প্রেম করে বিয়ে হয় ব্যবসায়ী আজগর আলীর সঙ্গে। বিয়ের পরপরই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পান রহিমা। কিন্তু আজগরের সন্দেহ, রহিমা অফিসের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। চাকরি ছাড়তে বলেন স্ত্রীকে। স্বামীর কাছ থেকে চাকরির বেতনের সমান অর্থ পাওয়ার আশ্বাসে চাকরি ছেড়ে দেন রহিমা। কিন্তু আজগর তাঁর কথা রাখেননি। চাকরির বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া তো দূরের কথা, সংসারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় টাকাটাও স্ত্রীকে কখনো দেননি। এর মধ্যে কোলজুড়ে আসে সন্তান। অন্যদিকে দ্বিতীয় বিয়ে করেন আজগর। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন অন্যত্র। এরপর রহিমাকে সংসার খরচের টাকা দেওয়া অনিয়মিত হয়ে পড়ে। কখনো এক-দুই মাস দেন। এরপর ছয় মাস কোনো খোঁজ থাকে না। এখন ছোট ভাই ও বড় ভাইয়ের ছেলের সাহায্য ও সহযোগিতায় জীবিকা নির্বাহ করেন রহিমা।
নাফিসা সুলতানার (৩০) স্বামী কাজ করেন নামকরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে। মাসে তাঁর আয় দুই লাখ টাকার ওপরে। কিন্তু নাফিসার হাতে বাড়িভাড়া ও সংসারের খরচ বাবদ তিনি দেন মাত্র ৩০ হাজার টাকা। এর মধ্যে বাড়িভাড়াই ২০ হাজার টাকা। বাকি টাকা দিয়ে সংসার চালানোর চেষ্টা করেন নাফিসা । কিন্তু পারেন না। ফলে ধার করতে হয় তাঁকে। সেই ধার তিনি কখনোই সময়মতো শোধ করতে পারেন না।
জামালপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সোনাই বিবির কাহিনিও পায় একই রকম। ১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল। ৪৫ বছরের বিবাহিত জীবন। স্বামী গ্রামের অবস্থাসম্পন্ন কৃষক। সংসারে সেই অর্থে অভাব-অনটন কোনো দিনই ছিল না। পাঁচ মেয়ে ও এক ছেলের মা-বাবা তাঁরা। সংসারের প্রায় সব দায়িত্বই পালন করতে হয় সোনাই বিবিকে। কিন্তু তাতে কী? হাতখরচ তো দূরের কথা, পরনের শাড়িটিও কোনো দিন স্বামী তাঁকে কিনে দেননি। যত দিন সোনাই বিবির বাবা-মা বেঁচেছিলেন, তত দিন তিনি পরনের জামাকাপড় এনেছেন তাঁদের কাছ থেকে। পরনের শাড়িটি পুরোনো হলেই পাঠিয়ে দেওয়া হতো বাবার বাড়ি। নইলে গালমন্দ আর শারীরিক নির্যাতনের শিকার হতে হতো।
রহিমা, নাফিসা আর সোনাই বিবির মতো আমাদের দেশে বহু নারী এভাবে প্রতিনিয়ত অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন। আর্থিক নির্যাতনের শিকার নারীরা পর্যাপ্ত খাবার, পোশাক পান না। এমনকি অসুস্থ হলেও প্রয়োজনীয় চিকিৎসা পান না। প্রায় মানবেতর জীবন যাপন করেন তাঁরা। ২০১৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১১’ নামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন অনুযায়ী, দেশে বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার। এর মধ্যে অর্থনৈতিক নির্যাতনের শিকার ৫৩ দশমিক ২ শতাংশ।
অবশ্য বিবিএসের এই প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন অর্থনীতিবিদ আবুল বারকাত। তাঁর মতে, পিতৃতান্ত্রিক এই সমাজে ৯৯ শতাংশ নারীই জীবনে কোনো না কোনোভাবে নির্যাতন বা সহিংসতার শিকার হন। তিনি মনে করেন, ৫০ শতাংশের বেশি নারী যে অর্থনৈতিক নির্যাতনের শিকার, তার মধ্যে যৌতুক বড় একটা কারণ।
কীভাবে আমাদের দেশের নারীরা অর্থনৈতিক নির্যাতন মুক্তি পেতে পারেন? এর উত্তরে তিনি বলেন, ‘নারীকে অর্থনৈতিক এই দুর্দশা থেকে মুক্তি দিতে চাইলে সবার আগে ল অব ইনহেরিট্যান্স, অর্থাৎ উত্তরাধিকার আইন পুরোপুরি পাল্টাতে হবে। এই আইনে নারী-পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার দিতে হবে। নারীকে শিক্ষা এবং স্বাস্থ্যে জাস্ট অভিগম্য বলতে যা বোঝায়, তা নয়; কার্যকর অভিগম্য বা ইফেক্টিভ অ্যাকসেস দিতে হবে। আর শিক্ষাব্যবস্থায় যেসব নারীবিদ্বেষী অনুষঙ্গ আছে, সেসব পরিবর্তন করতে হবে।’
আবুল বারকাত আরও বলেন, নারীকে নারীবিদ্বেষী শিক্ষা দিয়ে এমপাওয়ারমেন্ট হবে না, বরং উল্টোটা হবে। এ ধরনের শিক্ষা নারীদের দেওয়ার চেয়ে না দেওয়াটা ভালো। কারণ একটা তত্ত্বই আছে, নো কন্ট্রাক্ট ইজ বেটার দেন আ ব্যাড কন্ট্রাক্ট। বাজে চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়া ভালো। তাঁর মতে, ‘আমাদের সমাজে পিতৃতান্ত্রিকতা আর তথাকথিত পুঁজিবাদের মধ্যে সামন্ত মানসিকতা যতক্ষণ থাকবে, ততক্ষণ নারীর ক্ষমতায়ন কথাটা শুধু কাগুজে স্লোগান হিসেবেই থাকবে। তাই এর পরিবর্তন জরুরি।’
এ প্রসঙ্গে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বলেন, নারীদের ওপর অর্থনৈতিক নির্যাতন বন্ধ করতে মানসিকতার পরিবর্তন জরুরি। সেটা দুদিক থেকেই। স্বামীকে ভাবতে হবে, যে টাকা দেওয়া হচ্ছে, সেটা দিয়ে স্ত্রী সংসার চালাতে পারবেন কি না। আবার সংসার খরচের বাইরেও নারীদের নিজস্ব কিছু খরচ থাকতে পারে। সেই চাহিদা পূরণ করতে হবে। আবার স্ত্রী চাকরি করলেও স্বামীর উচিত তাঁকে কিছু হাতখরচ দেওয়া। তাতে দুজনের পারস্পরিক সম্পর্ক উন্নত হয়। অন্যদিকে নারীদেরও স্বামীর আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচের কথা ভাবতে হবে। দুজনের সম্পর্কে বোঝাপড়া, সহমর্মিতা, সহযোগিতা আর ভালোবাসার বন্ধনই নারীকে এই সংকট থেকে মুক্তি দিতে পারে।