নারীদের জন্য কেয়ারে শিক্ষানবিশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা স্বপ্ন দেখি এমন এক বিশ্বের, যেখানে বিরাজ করবে একরাশ সম্ভাবনা, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ও সহনশীলতা আর সামাজিত ন্যায়পরায়ণতা। আমরা সেই পৃথিবীর প্রত্যাশা করি, যেখানে প্রত্যেক মানুষের জন্য সুনিশ্চিত থাকবে মর্যাদাপূর্ণ জীবন ও সার্বিক নিরাপত্তা।’ এই মূলনীতি মেনে কেয়ার বাংলাদেশ নারীদের জন্য ২০০২ সাল থেকে শিক্ষানবিশি কর্মসূচি—উইমেনস ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। কেয়ারের কর্মসূচিগুলোতে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়ে থাকে। এটি তাদের সাংগঠনিক প্রতিশ্রুতি। বাংলাদেশে যেহেতু ব্যবস্থাপনা পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ কম, তাই কেয়ার বাংলাদেশ এই কর্মসূচি পরিচালনা করে আসছে। প্রতিবছর ছয় থেকে নয় মাসের জন্য আট থেকে ১২ জন মেয়েকে এই শিক্ষানবিশি করার সুযোগ দেওয়া হয়। এ বিষয়ে কথা হয় কেয়ার বাংলাদেশের প্রশিক্ষণ কর্মকর্তা (মানবসম্পদ উন্নয়ন বিভাগ) জসিম উদ্দিনের সঙ্গে। তিনি জানান, কেয়ার বাংলাদেশ নারীর ক্ষমতায়ন এবং নারীদের উন্নয়নে ২০০১ থেকে মেয়েদের জন্য ব্যবস্থাপনা উন্নয়ন কর্মসূচি এবং ২০০২ সাল থেকে উইমেনস ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। তাঁর মতে, এই কর্মসূচির সাফল্যের হার সন্তোষজনক। কেন করবেন: কেয়ার বাংলাদেশের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী মেয়েরা উন্নয়ন ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়াই কাজ করার সুযোগ পেয়ে যান। তা ছাড়া এতে অংশ নিয়ে চাকরির ক্ষেত্রে নয় মাসের অভিজ্ঞতা অর্জন করা যায়। আর কেয়ারে নিয়োগের ক্ষেত্রে বাইরের প্রার্থীদের কমপক্ষে দুই-তিন বছরের অভিজ্ঞতার দরকার হয়ে থাকে। তবে কেয়ারের এই কর্মসূচিতে সুযোগ পেলে কেয়ারের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া যায়।প্রত্যেক শিক্ষানবিশ চাকরি লাভের ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতা লাভ করতে সক্ষম হবেন। ২০০৪ সালে সফলভাবে এ কর্মসূচিতে প্রশিক্ষণ সম্পন্ন করেন অরুনিমা ইসমত করিম।তিনি বলেন, ‘কেয়ার বাংলাদেশের এই কর্মসূচি থেকে চাকরি বাজার সম্পর্কে আমি ভালো জ্ঞান লাভ করেছি। এ থেকে একটি আন্তর্জাতিক সংস্থার ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ ঘটে। এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি।’ যোগ্যতা: কেয়ারের এই শিক্ষানবিশি কর্মসূচির জন্য মেয়েদের স্নাতকোত্তর ডিগ্রি লাগবে।বিষয় হতে হবে সামাজিক বিজ্ঞান, ব্যবস্থাপনা অনুষদের যেকোনো একটি; কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইংরেজি, খাদ্য বা পুষ্টিবিদ্যা। স্নাতকোত্তর শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন।বিশেষ প্রার্থী: প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শারীরিকভাবে প্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসীদের বিশেষ সুযোগ দেওয়া হয়ে থাকে বলে জানান জসিম উদ্দিন। নির্বাচনপ্রক্রিয়া: প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। সেখান থেকে কৃতকার্য প্রার্থীদেরই মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল প্রোগ্রামে সুযোগ দেওয়া হবে। ২০০৮ সালে এই কর্মসূচিতে অংশ নেন শারীরিকভাবে প্রতিবন্ধী সামিরা সানজিদা। তিনি এর মাধ্যমে তাঁর প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করেছেন এবং ভালো সংগঠনে চাকরি করার সুযোগ পেয়েছেন বলে জানান। সম্মানি-ভাতা: প্রত্যেক শিক্ষানবিশকে কেয়ার বাংলাদেশের বিভিন্ন কর্মসূচিতে ছয় থেকে নয় মাসব্যাপী কাজ করার জন্য চুক্তিবদ্ধ করা হবে। কেয়ার বাংলাদেশ প্রত্যেক ইন্টার্নকে প্রতি মাসে নয় হাজার টাকা হিসেবে বৃত্তি প্রদান করবে। সংস্থার নিয়ম অনুযায়ী কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণভাতা প্রদান করা হয়। প্রতিবছর সাধারণত জুন-জুলাই মাসে এই কর্মসূচির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে।বিস্তারিত জানা যাবে www.carebd.org ঠিকানার ওয়েবসাইট থেকে।